বগুড়া প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ যখন এগিয়ে চলছে তখন ১৫ ও ২১ আগষ্ট ঘটানোর মধ্যদিয়ে চোরাপথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র চলছে। বিএনপি আন্দোলনের হতাশায় ঘুরপাক খাচ্ছে। দেশে তাদের আন্দোলনের কোন প্রস্তুতি নেই, জনগণও আন্দোলনের জন্য প্রস্তুত নয়। তাই আমাদেরও এনিয়ে প্রস্তুতি গ্রহণের কোন কারণ নেই। জনগণ তাদের সহিংস আন্দোলনে আর কোনদিন সাড়া দেবে না। লতিফ সিদ্দিকীর বিষয়ে তিনি বলেন, দল থেকে তার প্রাথমিক সদস্য পদ বাতিল হয়ে গেছে। তিনি এখন আর দলীয় কেউ নন। তিনি দল এবং দেশের ক্ষতি করে গেছেন। আওয়ামী লীগ তার দায়ভার বহন করবে না। শুক্রবার সকালে বগুড়ায় ৬টি ব্রিজ ও অন্যান্য সমাপ্তকৃত উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে সারিয়াকান্দি পৌর মাঠে আয়োজিত সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।
সমাবেশে মন্ত্রী বলেন, মন্ত্রী বলেন, বিএনপির সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলার জন্য আওয়ামী লীগ ও সরকার প্রস্তুত আছে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সংগঠনকে মজবুত করতে হবে। দলকে হাইব্রিড নেতা থেকে মুক্ত করতে হবে। তবেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে পারবো। তিনি বলেন, দেশের বিভিন্ন সড়কে মোট ১৪৪টি ব্লাক স্পটের জন্য ১৬৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরমধ্যে বগুড়াতেই রয়েছে ১৫টি ব্লাক স্পট। অবিলম্বে সেসব স্থানে উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। তিনি সারিয়াকান্দি উপজেলার আরও চারটি জীর্ণ সেতু নির্মাণের প্রতিশ্র“তি দেন।
মন্ত্রী শুক্রবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি ব্লকে ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর নির্মিত মাঝিড়া ফুটওভার ব্রিজ, বগুড়া-সারিয়াকান্দি সড়কে খলিসাকুড়ি সেতু, নেপালতলী সেতু, আমতলী সেতু, গরুমারা সেতু ও বাঙ্গালি নদীর ওপরে নির্মিত সারিয়াকান্দি সেতুর উদ্বোধন করেন।




