কুষ্টিয়া প্রতিনিধি : বাউল সম্রাট মরমী সাধক ফকির লালন শাহের ১২৪ তম তিরোধান দিবসের উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়া কুমারখালীর ছেঁউড়িয়ায় কালী গঙ্গার তীরে সংস্কৃকি বিষয়মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমীর আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় ৫দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী। এসময় তিনি বলেন, লালনের দর্শন, আদর্শ, চিন্তা আজ পর্যন্ত খুব প্রয়োজন ছিলো যা আগামীতেও প্রয়োজন রয়েছে। আজকের বর্তমান সময়ে দাঙ্গা হাঙ্গামা থেকে মুক্তি পেতে লালনের দর্শন মেনে চলতে হবে। তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতা, সহিংসতা বা সংঘাত নয়, তা হলে কি বলেছেন লালন ফকির তার জাতহীন মানবধর্মে। মানবতার প্রাণপুরুষ এই বাউল সম্রাটের জীবন-কর্ম, ধর্ম-দর্শন, মরমী সংগীত ও চিন্তা চেতনা হাতড়িয়ে তা থেকে শিক্ষা নিতে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত অনুরাগী, দর্শনার্থী এখন ভীড় করে। কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, একটি বাড়ি একটি খামারের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব ড, প্রশান্ত কুমার পাল, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মোঃ নাছিম উদ্দিন আহম্মেদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম ও বাংলা লিংকের পি আর এন্ড কমিউনিকেশন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খন্দকার আশিক ইকবাল। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট লালন গবেষক ও লেখক ড. আনোয়ারুল করিম ও লালন মাজারের প্রধান খাদেম মহম্মদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার এবং স্বাগত বক্তব্য রাখেন লালন একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সেলিম হক। অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদের কুষ্টিয়া লালন একাডেমীর পক্ষ থেকে ফুলের তোড়া, ক্রেষ্ট ও আত্মসুদ্ধির প্রতীক একতারা উপহার দিয়ে বরণ করে নেন। আলোচনা সভা শেষে লালন একাডেমীর শিল্পীর সিডির মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। পরে ক্লোজআপ ওয়ান তারকা সালমাসহ লালন একাডেমীর শিল্পীরা লালন সঙ্গীত পরিবেশন করেন। লালন উৎসব উপলক্ষে কালী নদীর পাড় ঘেঁষে দেশীয় হস্তশিল্পের তৈরি বিভিন্ন জিনিসপত্রের মেলা বসে। ১৮৯০ সালে ফকির লালন শাহ কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া গ্রামে মৃত্যুবরণ করেন। এরপর থেকে তাঁর ভক্তরা ধারাবাহিক ভাবে পয়লা কার্তিক তিরোধান দিবস পালিত হয়ে আসছে। ১৯৯০ সাল থেকে লালন একাডেমি দিবসে উপলক্ষে লালনের কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভা, গ্রামীনমেলা ও লালন সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছে। দেশী-বিদেশী অসংখ্য লালনের ভক্ত-অনুসারীরা প্রতিবার উৎসবে আসেন। ভক্তরা প্রথমে তাঁদের ধর্মগুরু লালন শাহের কবরে বিশেষ ভঙ্গিতে শ্রদ্ধা প্রদর্শন করেন। জাত, বংশ, ধর্ম, গোত্র ভুলে উৎসবে আসা প্রত্যেকে একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করেন।




