মশিউর রহমান পিংকু, ভোলা : গত ৫ অক্টোবর থেকে ১১ দিনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ভোলার জেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ দলের অভিযানে মোট ৩৬২ জেলের কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার রাত ১২টা ১ মিনিটে শেষ হয় ইলিশ শিকারের ১১ দিনের সরকারি নিষেধাজ্ঞা।

ওই সময়কালে পরিচালিত অভিযানে ৮ হাজার ৬৪১ মণ ইলিশ জব্দ করা হয়। জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৬ লাখ টাকা। আটককৃত কারেন্ট জাল, নৌকা, বরফ ও ইলিশের আর্থিক মূল্য ৪৮ কোটি ৬৩ লক্ষ ১৪ হাজার একশ টাকা।
এ সময় অভিযানের মধ্যে কোস্টগার্ডের সদস্যরা ১৫৩ জেলেকে আটক, ৩৩ কোটি টাকার নিষিদ্ধ জাল ও ৫ হাজার ৮০১ কেজি ইলিশ জব্দ করেছে। এসব ইলিশ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাওসার আলম বলেন, ইলিশ রক্ষা অভিযান শত ভাগ সফল হয়েছে। ১১ দিনের ২৪ ঘণ্টাই কোস্টগার্ড সদস্যদের অভিযান তৎপরতা ছিল।
অভিযানের বিষয়ে ভোলার জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা বলেন, বিগত বছরের তুলনায় আমাদের এ বছরের সফলতা অনেক বেশি। জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ড আন্তরিকভাবে কাজ করেছে। আমরা জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা পেয়েছি। অভিযানে যারা গ্রেফতার হয়েছে তাদের ব্যাপারে কোন ধরনের তদবির বা অনুরোধ আমরা পাইনি।
তিনি আরও বলেন, বিশাল এ জলসীমায় আরো বেশি জনবল হলে আমরা আরো বেশি সফলতা অর্জন করতে পারতাম বলে আমি মনে করি।




