ঠাকুরগাঁও প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ নেই। বিএনপি আজ দেউলিয়া হয়ে গেছে। বিএনপি’র আন্দোলন করার মত কোন ইস্যু নেই। বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে জনগণকে মাঠে নামানোর কোন সুযোগ নেই। তিনি ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কিছুদিন আগে হরতাল ডেকে ছিলেন। কিন্তু জনগণ তাঁর ডাকে সাড়া দেয়নি। কারণ বাংলার জনগণ জানে বিএনপি যুদ্ধাপরাধী পাকিস্তানের প্রেত্যাত্তা। এই বিএনপির দুর্নীতিবাজ, সন্ত্রাসী এবং জঙ্গীবাদের মুল হোতা। বিএনপির কাছে যদি ক্ষমতা যায় তাহলে এই বাংলাদেশ পাকিস্তানের কলমিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হবে।
মির্জা ফখরুলকে উদ্দেশ্যে করে হানিফ বলেন, তিনি কথায় কথায় দেশ সংকটের কথা বলেন। আসলে দেশের মানুষ সংকটে নেই, বিএনপি সংকটে রয়েছে। দুর্নীতিবাজ ও ব্যর্থ রাজনৈতিক নেতৃত্বের কারণে বিএনপি সংকটে আছে। একই কারণে বিএনপি জোট থেকে অনেকেই বেড়িয়ে যাচ্ছেন। তাদের ব্যর্থতা ঢাকতে সরকারকে চাপ দিয়ে আসছে।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এম.পি, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সভাপতি মন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলাম এম.পি, মহিলা সংরক্ষিত আসনের সেলিনা জাহান লিটা এম.পি প্রমুখ।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। নেতৃবৃন্দ সন্ধায় ঠাকুরগাও প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদেও সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।




