শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। নিহতদের মধ্যে একজন কলেজের প্রভাষক এবং অন্যজন ট্রাক শ্রমিক।

১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টায় দিনাজপুর শহরের জেল রোডে চলন্ত ট্রাক থেকে পড়ে খলিল হোসেন নামে একজন নিহত হয়। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলতাফ হোসেন জানায়, নিহত খলিল হোসেন (৪৫) বগুড়ার সদর উপজেলার ধর্মপুর গ্রামের রইস উদ্দিনের ছেলে।ময়দা বোঝাই একটি ট্রাকে ময়দার বস্তার উপর খলিল বসে ছিলেন। জেল রোড দিয়ে ট্রাকটি যাওয়ার সময় ডিসের তারে ধাক্কা লেগে তিনি সড়কের উপর উপুড় হয়ে আছড়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে বীরগঞ্জ ঝাড়বাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক (কৃষি) নাজমিন আক্তার নুপুর (৩২) ট্রাকের চাপায় নিহত হয়েছেন। তিনি বাবার সঙ্গে মোটরসাইকেল যোগে কলেজে যাচ্ছিলেন। বীরগঞ্জ জামতলী মোড়ে এলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই মারা যান। বাবা মতিউর রহমানকে গুরুতর অবস্থা উদ্ধার করে বীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




