ইয়ানুর রহমান, যশোর : যশোরের একটি আবাসিক হোটেল থেকে মনিরুল আলম (৪৩) নামে ঢাকার এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের পুরানো বাস স্ট্যান্ড এলাকার হোটেল কোকো থেকে সোমবার সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মনিরুল ঢাকার চকবাজার এলাকার দলিল উদ্দিনের ছেলে।

হোটেল ম্যানেজার শুকুর আলী জানান, মনিরুল আলম ১১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করতে থাকেন। এরপর সোমবার বিকেলে কক্ষের ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলতে দেখেন হোটেলের কর্মচারীরা। পরে মনিরুল আলমের ফোন থেকে তার বাড়িতে খবর দেওয়া হয়।
মনিরুল আলমের বড় ভাই মঞ্জুরুল আলম জানান, মনিরুল একজন আমদানিকারক। তিনি ভারত থেকে কাপড় আমদানি করতেন। ব্যবসায়িক কাজে তিনি প্রায়ই ভারতে যেতেন। দুদিন আগে তিনি বাড়ি থেকে বের হন। সোমবার মনিরুলের নম্বর থেকে বাড়িতে ফোন করে তার মৃত্যুর খবর দেওয়া হয়। এরপর তিনি যশোর কোতোয়ালি থানায় ফোন করে বিষয়টি জানান।
ঘটনাস্থলে উপস্থিত যশোর কোতোয়ালি থানার এসআই সোহরাব হোসেন জানান, কী কারণে মনিরুল মারা গেছেন তা নিশ্চিত নয়।




