ময়মনসিংহ প্রতিনিধি : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে গতকাল বিকালে শিল্পাচার্য জয়নাল উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগীতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী নৌকা বাইচ প্রতিযোগীতাটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মঈনুল হক, পৌর মেয়র ইকরামুল হক টিটু। প্রথমেই জয়নাল উদ্যান থেকে কাচারীঘাট নদীর সীমার মাঝে ছোট নৌকা বাইচ প্রতিযোগীতাটি শুরু হয়। পরে বড় নৌকা বাইচ প্রতিযোগীতা কাঠগোলা বাজার থেকে শুরু হয়ে কাচারীঘাট প্রান্তে শেষ হয়। প্রতিযোগীতা উপভোগ করার জন্য নদীর দুপারে দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ২৭ বিজিবির ল্যাফনেন্ট কর্ণেল নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, মাহবুবুর রহমান মাহবুব, লিয়াকত হোসেন, ফরহাদ হোসেন, মাহবুবুর রহমান দুলাল, ডাঃ হরিশংকর প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানপূর্বে প্রধান অতিথি জেলা প্রশাসক সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, নদ ও নৌকা বাংলার ঐতিহ্য। ময়মনসিংহের আদি সাংস্কৃতির একটি অংশ নৌকা বাইচ। নৌকা বাইচকে বাচিয়ে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। পৌর মেয়র বলেন, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। নদী ও নৌকা বাচলে দেশের অর্থনীতির চাকা ঘুরে আসবে। জামালপুরের মমিনুল হক মেম্বারকে বড় নৌকা বাইচে ১ম স্থান অধিকারী হিসেবে ফ্রিজ প্রদান করা হয়। ২য় স্থান অধিকারী মোঃ সাইদুল ও ৩য় স্থান অধিকারী রফিকুলকে টিভি পুরস্কার প্রদান করা হয়। ছোট নৌকা বাইচে ১ম স্থান অর্জন করেন কাশেম আলী, ২য় স্থান আজিজুল, ৩য় স্থান গেনুবীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।




