দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল ছিনতাই হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া-গোয়ালগ্রাম সড়কের গোয়ালগ্রাম মাঠের মধ্যে ব্রীজের নিটক থেকে সশস্ত্র ছিনতাইকারীচক্র মোটরসাইকেল চালক ও তার সাথে থাকা বন্ধুকে মারপিট করে মোটরসাইকেলটি ছিনতাই করে নেয়। ছিনতাইকারীদের হামলার শিকার ও গোয়ালগ্রাম মহলদার পাড়ার মোটরসাইকেল চালক রাব্বি জানান, ওইদিন সন্ধ্যায় সে তার বন্ধু আলমগীর হোসেন চায়না ইডি-৮০ মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার পথে ৮-১০ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাদের মারপিট শেষে হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেলটি (মেহেরপুর-হ-১১০৯১৩) ছিনিয়ে নিয়ে মাঠের ভিতর দিয়ে নির্বিগ্নে চলে যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দেয়া হয়েছে।

দৌলতপুরে খেলার মাঠ ভূমিদস্যুদের কবল থেকে অবমুক্ত করলেন প্রশাসন
কুষ্টিয়ার দৌলতপুরে তারাগুনিয়া হাইস্কুলের খেলার মাঠ ভূমিদস্যুদের কবল থেকে অবমুক্ত করেছেন প্রশাসন। সোমবার দুপুরে ভূমিদস্যুদের লাঙল দিয়ে চষে দখল করা অংশ প্রশাসন বুঝে নিয়ে তা স্কুল কতৃপক্ষের নিকট হস্তান্তর করেছেন। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার জানান, তারাগুনিয়া হাইস্কুলের খেলার মাঠ কে বা কারা দখল করে লাঙল চষলে প্রশাসন তা বুঝে নিয়ে স্কুল কতৃপক্ষকে অবগত করা হয়। সেই সাথে পুরো মাঠটি লাঙল চষে রুলার দিয়ে সমান করে অতি দ্রুত খেলার উপযোগী করার নির্দেশ দেয়া হয়েছে। আর যত দ্রুত সম্ভব ওই মাঠের বেদখলে যাওয়া অংশ তারাগুনিয়া হাইস্কুলের নামে বন্দোবস্ত দেয়ারও সিদ্ধান্ত হয়। এদিকে প্রশাসনের নির্দেশে স্কুল কতৃপক্ষ সোমবার বিকেলে খেলার মাঠটি লাঙল চষে তা মই দিয়ে সমান করেছে। উল্লেখ্য শনিবার ভোররাতে এলাকার চিহ্নিত ভূমিদস্যু মতিয়ার রহমান ও তার ছেলে আতিয়ার রহমান তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মালিকানাধীন খেলার মাঠের একটি বড় অংশ পাওয়ার ট্রিলার দিয়ে চাষ দিয়ে তা দখল করে নেয়। বিষয়টি প্রশাসনকে অবগত করা হলে তা অবমুক্ত করে স্কুল কতৃপক্ষের নিকট বুঝিয়ে দেন।




