অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়া বালিকা বিদ্যালয়ের চুরি যাওয়া ২টি কম্পিউটার পৃথক পৃথক স্থান থেকে উদ্ধার করাসহ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার তালতারমাঠ গ্রাম থেকে রনজিত বৈরাগীর ছেলে ঢাকা গুলশানের সেনিটারী মিস্ত্রী রতন বৈরাগী (২৩) কে গ্রেফতার করেছে। ওসি জানান, গ্রেফতারকৃত রতনের দেয়া তথ্য মতে গৌরনদী পৌর এলাকার ভাড়াটে কালকিনি রামারপোল এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে গৃহশিক্ষক ফারহান হোসেনের বাসা থেকে চুরি যাওয়া কম্পিউটার উদ্ধার করেন। রতন চুরির ঘটনার আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। অন্যদিকে রোববার রাতে পশ্চিম সুজনকাঠী গ্রামের আলমগীর সরদারের ছেলে সুমন সরদারের (২২) ঘর থেকে অন্য একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের টের পেয়ে এসময় সুমন পালিয়ে যেতে সক্ষম হয়। ফারহান জানান, তার কাছে রতনসহ অন্য আরও একজন ওই কম্পিউটারটি ৯ হাজার টাকায় বিক্রি করেছিল।
প্রকাশ, আগৈলঝাড়া সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ে গত ৬ অক্টোবর রাতে কম্পিউটার ল্যাবরেটরির দরজার তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল ৪টি কম্পিউটার, ২টি মনিটরসহ অন্যান্য যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ বাদী হয়ে ৮ অক্টোবর অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলায় ওইদিনই স্কুলের নৈশপ্রহরী রামকৃষ্ণ রায়কে গ্রেফতার করে।

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে
আগৈলঝাড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসের র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, ওয়ার্ল্ড ভিশন আগৈলঝাড়া এডিপি প্রকল্প কর্মকর্তা পল প্রোশন ম্রং, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা শচীন্দ্র নাথ বৈদ্য, আনসার ভিডিপি কর্মকর্তা ক্ষিতীশ চন্দ্র বাড়ৈ প্রমুখ।

আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে হামলা-সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৫জন
বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে হামলা-সংঘর্ষে যুবদল নেতাসহ আহত হয়েছে ৫জন। গুরুতর আহত ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পয়সারহাট বাসস্ট্যান্ডে সোমবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপু বখতিয়ার ও যুবদল নেতা জামাল বখতিয়ার কথা কাটাকাটির একপযার্য়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের যুবদল নেতা জামাল বখতিয়ার, অপু বখতিয়ার, সোহরাব বখতিয়ার, আহাদ বখতিয়ারসহ ৫জন আহত হয়। গুরুতর আহত ৩জনকে উপজেলা ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।




