চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়ায় রনজিতা জুয়েলার্স এর মালিক নেপাল কান্তি দে’র বিরুদ্ধে দোকান বিক্রির নামে প্রতারণার অভিযোগে আদালতের স্ব-শরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। গতকাল ১২অক্টোবর বাদী সুনিল কান্তি দাশ মহাজনের দায়ের করা মামলায় আইনজীবিদের শুনানী শেষে আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট উক্ত আদেশ দিয়েছে।

জানা গেছে, নেপাল কান্তি দে’র সেলামী সূত্রে মালিকানাধীন চিরিংগা হক সুপার মার্কেটে রঞ্জিতা জুয়েলার্স নামে একটি দোকানঘর রয়েছে। ওই দোকানটি চিরিংগা হিন্দুপাড়াস্থ মৃত ননী গোপাল দাশের পুত্র সুনিল কান্তি দাশ মহাজনকে ১৮লাখ ৫০হাজার টাকা দিয়ে বিক্রি করে এবং ৬টি চেক এর মাধ্যমে ১৬লাখ টাকা গ্রহণ করে। বকেয়া ২লাখ ৫০হাজার টাকা ঢাকা ব্যাংক চকরিয়া শাখার একটি চেক প্রদান করেন ক্রেতা সুনিল কান্তি দাশ। কিন্তু নেপাল কান্তি দে প্রতারণা ও নানা চল-চাতুরীর আশ্রয় নিয়ে দোকানটি দখল না দেয়ায় ক্রেতা বাধ্য হয়ে ২০১৩সালের ২ডিসেম্বর চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর মামলা নং ১৪৫৩/১৩ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে চকরিয়া উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা তদন্তে দোকান বিক্রি ও টাকা নেয়ার বিষয়টি সার্বিক তদন্তে ও স্বাক্ষী প্রমাণে দ:বিধি ৪০৬/৪২০ধারায় প্রাথমিকভাবে সত্যতা পেয়েছেন বলে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। আদালত দাখিলকৃত প্রতিবেদন আমলে নিয়ে আসামী নেপাল কান্তি দে’কে আগামী ৩০ডিসেম্বর’১৪ইং আদালতে স্ব-শরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে।
এদিকে মামলার বাদী সুনিল কান্তি দাশ মহাজন জানান, রঞ্জিতা জুয়েলার্সের মালিক নেপাল কান্তি দে’র বিরুদ্ধে ওই দোকান নিয়ে সমনজারি ও মামলা চলমান থাকায় কোন গ্রাহক কিংবা সংশ্লিষ্টদেরকে স্বর্ণ কেনা-বেচা নিয়ে কোন ধরণের লেনদেন না করার আহবান জানান। ওই নেপালের সাথে কোন লেনদেন হলে বিশ্বাসঘাতকতা কিংবা প্রতারণার শিকার হতে হবে বলে জানান।
অভিযোগ উঠেছে, নেপাল কান্তি দে’র বিরুদ্ধে অর্থ ক্যালেংকারী, লুটপাট, চুরি ও ভাংচুরের অভিযোগে ইতিপূর্বে চকরিয়া থানায় জিআর মামলা নং ৭৯/১৪ সহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এমনকি রঞ্জিতা জুয়েলার্সে বিভিন্ন এলাকা থেকে চুরি ও ডাকাতি স্বর্ণালংকার কম মূল্যে ক্রয় করে আসছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও চুরি হওয়া স্বর্ণ বন্ধক নেয়ার কথা বলা হলেও তার দোকানে স্বর্ণ বন্ধকীর কোন বৈধ লাইসেন্স নেই। চলতি সনের ২৪ আগস্ট রাতে নগরীর কাপাসগোলা এলাকায় অবস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আহমদ খলিল খানের দ্বিতল বাসা থেকে চুরি হওয়া ৬৫ভরি স্বর্ণালঙ্কারের বিপুল পরিমাণ স্বর্ণ রঞ্জিতা জুয়েলার্স থেকে উদ্ধার করেছে চট্টগ্রামের পুলিশ।
চকরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে খোরশেদ নামে এক যুবক নিহত

কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে খোরশেদুল আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। ওইসময় ভাইকে বাচাঁতে এগিয়ে এসে ছোট ভাই মোরশেদুল আলমকেও (২২) গুলি করে সন্ত্রাসীরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চমেক ভর্তি করা হয়েছে। গতকাল ১২ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টায় চকরিয়া উপজেলা চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানায়, উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পশ্চিম সওদাগরঘোনা ৭নং ওয়ার্ড়ের জহির আহমদের পুত্র খোরশেদুল আলম ও তার ছোট ভাই মোরশেদুল আলম বন্ধুদের নিয়ে ওইদিন রাত সাড়ে ১২টায় চায়ের দোকানে খোশ গল্প করেছিলো। ওইসময় হঠাৎ করে ৩/৪জন সন্ত্রাসী এসে অস্ত্রের মুখে জিম্মী করে ওই দু’সহোদরকে মাতামুহুরী নদীর ওপর নির্মিত রাবার ড্যামের দিকে নিয়ে যায়। সেখানে তাদেরকে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে। একপর্যায়ে দু’সহোদর অজ্ঞান হয়ে পড়ে। ওইসময় মৃত্যু নিশ্চিত করতে পূনরায় গুলি চালায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলে খোরশেদুল আলম মারা গেলেও পালিয়ে প্রাণে রক্ষা পান ছোট ভাই মোরশেদুল আলম। খবর পেয়ে তাদের স্বজনরা ছুটে যায় রাবার ড্যাম এলাকায়। গুলিবিদ্ধ অবস্থায় মোরশেদকে উদ্ধার করে তার স্বজনরা। ওইসময় ঘটনাস্থলে মোরশেদ পাওয়া গেলেও খোরশেদের খোঁজ মেলেনি। রাতভর খোজাখুজির পর গতকাল রবিবার সকাল ১০টায় মাতামুহুরী নদীর রাবার ড্যামের পাশে খোরশেদের মৃতদেহ ভাসমান অবস্থায় পেয়েছে তার স্বজনরা। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
খোরশেদুল আলমের মা জন্নাত আরা বেগম (৫৫) জানান, তার দ্ইু সন্তান বাড়িতে রাতের খাওয়ার পর স্থানীয় একটি চায়ের দোকানে যায়। সেখাতে তারা অন্যান্যদের সাথে চা খেয়ে গল্প করেছিলো। ওইসময় পূর্ব শত্রুতার জের ধরে খোরশেদের ভাইরার নেতৃত্বে দুই তিনজন সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদেরকে নিয়ে গিয়ে গুলি করে। তাদের গুলিতে খোরশেদ মারা যায়। মোরশেদও গুলিবিদ্ধ। তিনিও আশঙ্কাজনক বলে জানান। এদিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এসআই রুহুল আমিন। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুই ভাইকে গুলি করেছে। খোরশেদ ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন তার ভাই মোরশেদ। ঘটনা তদন্ত চলছে। তাছাড়া ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযানও চলছে বলে জানান।




