গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুরে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে ৩ সন্তানের জননী আত্মহত্যা করেছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর উত্তরপাড়া গ্রামে। এ ঘটনায় আজ রোববার রাতে গোপালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এলাকাবাসি জানায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উত্তরপাড়া গ্রামের বাস শ্রমিক আব্দুস সাত্তারের স্ত্রী হেলেনা বেগম (৩৫) শনিবার রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি বনজ গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে গোপালপুর থানার এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে গোপালপুর থানা পুলিশের একটি দল রোববার বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় আজ রাতে গোপালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। (মামলা নং-০৯, তারিখ : ১২ অক্টোবর ২০১৪)। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ গোপালপুর থানা চত্বরে পুলিশের হেফাজতে রয়েছে। সোমবার ভোরে লাশটির ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করার কথা রয়েছে। নিহত হেলেনা ৩সন্তানের জননী ও একই ইউনিয়নের মির্জাপুর নয়াপাড়া গ্রামের হযরত আলীর মেয়ে।




