বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে রোপা আমনের ক্ষেতজুড়ে বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়েছে। কৃষকরা কিছুতেই এসব রোগবালাই দমন করতে পারছেনা। খোলপচা ও পাতা ঝলসানো রোগের আক্রমন কিছুটা কমলেও নতুন করে বাদামি গাছফড়িং পোকার (কারেন্ট পোকার) আক্রমন শুরু হয়েছে। এ পোকার আক্রমনে কৃষকদের পাশাপাশি স্বয়ং কৃষি বিভাগের কর্মকর্তারাও চিন্তিত হয়ে পড়েছেন। এমনকি বিভিন্ন রোগবালাইয়ের অব্যাহত আক্রমনে ফসলের ফলন অন্যান্য বছরের তুলনায় ব্যাপক কম হবে বলে কৃষকরা জানিয়েছেন।

কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে এ উপজেলায় ২০হাজার ৮০০শ’ হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন চাষ হয়েছে ২১হাজার ৫০০হেক্টর। এরমধ্যে বিআর-১১, ৪৯, স্বর্ণা ও রনজিত লাগানো সম্পুর্ণ জমিতে বিভিন্ন রোগবালাইয়ের আক্রমন হয়েছে। অপরদিকে ব্রি ধান-৩২, ব্রি ধান-৩৯, পাজাম লাগানো জমিতে কমবেশি পোকার আক্রমন ঘটেছে।
উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে বরেন্দ্রখ্যাত মির্জাপুর, বিশালপুর, ভবানীপুর, কুসুম্বী ও শাহবন্দেগী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিভিন্ন জাতের ধান চাষ করা হয়েছে। সাধুবাড়ী গ্রামের কৃষক শহিদুল ইসলাম এবার ৩০বিঘার বেশি জমিতে রোপা-আমন লাগিয়েছেন। একইভাবে ফজলুল করিম ১০বিঘা, গোলাম রব্বানী ১২বিঘা, মামুরশাহীর সোহেল রানা ৮০বিঘা, মাকোরকোলার হায়দার আলী ৩০ বিঘা, তালতার আবু সাঈদ ১৫বিঘা জমিতে এ ধান চাষ করেছেন। এসব গ্রামের একাধিক কৃষক জানান, ধান চাষের মাঝামাঝি সময়ে তাদের জমিতে খোলপচা ও পাতা ঝলসানো রোগের আক্রমন দেখা দেয়। এরপর জমিতে কীটনাশক প্রয়োগ করেন। ফলে এসব রোগের আক্রমন কিছুটা কমলেও নতুন করে বাদামি গাছফড়িং (কারেন্ট পোকার) আক্রমন শুরু হয়েছে। যা কোনভাবেই দমন করতে পারছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম জানান, প্রায় সপ্তাহখানেক আগে খোলপচা ও পাতা ঝলসানো রোগের আক্রমন দেখা দিয়েছিল। যা ইতিমধ্যেই নিয়ন্ত্রণ হয়ে গেছে। তবে এ উপজেলায় এখনও বাদামি গাছফড়িং (কারেন্ট পোকার) আক্রমন দেখা যায়নি। সার্বিকভাবে মাঠে ফসলের অবস্থা ভাল বলে এই কর্মকর্তা দাবি করেন। এছাড়া প্রতিটি ইউনিয়নে একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। অপরদিকে স্থানীয় কৃষি অফিস থেকেও কৃষকদের রোগের ধরণ অনুযায়ি ব্যবস্থাপত্র দিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।




