পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : ঢাকা-রাজশাহী মহাসড়কে বেলপুকুরিয়া নামক স্থানে শনিবার বিকেলে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহত স্বামী-স্ত্রী হলেন রাজশাহী বিনোদপুরের মীর্জাপুর এলাকার আ: কাদ্দেরের ছেলে আক্তারউজ্জামান শাহিন(২৮) ও শাহিনের স্ত্রী মোছা: রানী বেগম(২৪)।

প্রত্যক্ষদর্শী ও নিহত পরিবার সূত্রে জানাগেছে, শনিবার বিকেল সাড়ে তিনটায় আক্তারউজ্জামান শাহিন (২৮) বাগমারার তাহেরপুরে শশুর বাড়ী থেকে মোটরসাইকেল যোগে রাজশাহীর উদ্দ্যেশে রওয়না হয়। অকুস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী অজ্ঞাত বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে পবা হাইওয়ে বানেশ্বর পুলিশ ফাড়ির সার্জেন্ট ফজলুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে লাশ দু’টি উদ্ধার করে ফাড়িতে নিয়ে আসে।




