শ্যামলবাংলা ডেস্ক : শান্তিতে নোবেল পুরস্কার পেলেন পাকিস্তানের শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই ও ভারতের শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থী। ১০ অক্টোবর শুক্রবার নোবেল কমিটি ওই ঘোষণা দেয়। শিশু ও তরুণদের অধিকার আদায়ের সংগ্রামে অবদানের জন্য তাদের যৌথভাবে ওই পুরস্কার দেওয়া হচ্ছে।
এদিকে নোবেল পুরস্কারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শান্তি পুরস্কার পেলেন মালালা ইউসুফজাই। তার বয়স এখন ১৭ বছর। তালেবানদের হামলার শিকার হওয়ার পর আলোচনায় আসেন পাকিস্তানের এই কিশোরী। এরপর থেকেই তিনি নারী শিক্ষার উন্নয়নে কাজ করছেন।
অন্যদিকে কৈলাশের বয়স ৬০। বলা হয়ে থাকে তিনি মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করে চলেন। তিনি শিশু অধিকার নিয়ে শান্তিপূর্ণ অনেক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সফল করেছেন।
নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, শিক্ষা পাওয়ার অধিকার সব শিশুরই আছে। তারা আর্থিক শোষণের শিকার হতে পারে না। তৃতীয় বিশ্বের ৬০ ভাগ মানুষের বয়স ২৫ বছরের কম। তাই শিশু ও তরুণদের উন্নয়নে কাজ করতে হবে, তাদের মূল্যায়ন করতে হবে। এটা শান্তিপূর্ণ বিশ্বের উন্নয়নের পূর্বশর্ত।
এবার শান্তি পুরস্কারের জন্য রেকর্ডসংখ্যক ২৭৮ জনের নাম উঠে আসে। এ তালিকায় শীর্ষে ছিলেন মালালা ইউসুফজাই, এডওয়ার্ড স্নোডেন এবং পোপ ফ্রান্সিস।
এছাড়া ৪৭ সংগঠন ছাড়াও তালিকায় ছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, কঙ্গোর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডেনিস মাকোয়েজ, এবং উরুগুয়ের প্রেসিডেন্ট জোসে মুজিকা।
২০১৩ সালে শান্তিতে নোবেল পেয়েছিল ‘অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ)’। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে তদারকির জন্য আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক এ প্রতিষ্ঠানটিকে নোবেল দেওয়া হয়।




