স্টাফ রিপোর্টার : ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের সার্ধশত বার্ষিকী পূর্তির উত্সব করছে শেরপুর জেলা আইনজীবী সমিতি। এ উপলক্ষ্যে ১২ অক্টোবর রবিবার আদালত ও সমিতির অঙ্গনে দিনব্যাপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাজ সাজ রব উঠেছে আদালত অঙ্গণে। উত্সবের আনন্দে মেতে উঠতে প্রস্তুতি নিচ্ছেন বিচারক, আইনজীবী ও আইনজীবী সহকারীরাসহ সংশ্লিষ্টরা। ইতোমধ্যে সন্ধ্যার পর থেকে আলোকছটায় উত্সব আয়োজনের জানান দিচ্ছে এ প্রতিষ্ঠান। উত্সবকে স্মরণীয়-বরণীয় করতে চলছে দীর্ঘ কলেবরে বিশেষ সংকলন প্রকাশের প্রয়াস।

উত্সবে গৃহীত কর্মসূচির মধ্যে প্রথম পর্বে রয়েছে রবিবার সকাল ১০টায় আনুষ্ঠানিক পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টায় জেলা শহরে বর্ণাঢ্য র্যালি, সাড়ে ১১টায় উদ্বোধনী আলোচনা ও ক্রেষ্ট বিতরণ ও দুপুর ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে বিকেল ৪টায় সমাপনী আলোচনা ও সন্ধ্যায় বিশিষ্ট সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীর সঙ্গীত পরিবেশনা।
অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি প্রধান অতিথি এবং হুইপ আতিউর রহমান আতিক এমপি উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য একেএম ফজলুল হক, সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোঃ আব্দুল হালিম, জেলা ও দায়রা জজ রবিউল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শরীফুল ইসলাম, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান ও জজ আদালতের পিপি এডভোকেট চন্দন কুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি এডভোকেট একএম মোছাদ্দেক ফেরদৌসী। সঞ্চালনায় থাকবেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার।
উল্লেখ্য, ১৮৬৪ সালে একটি চৌকি বার হিসেবে প্রতিষ্ঠিত হয় শেরপুর আইনজীবী সমিতি। বর্তমানে এ সমিতির সদস্য সংখ্যা ১৬৭ জন হলেও এর পরিধি ও বিস্তৃতি অনেক। ইতিহাস, ঐতিহ্য আর গৌরবগাঁথায় সমৃদ্ধ এ সমিতির সদস্যদের স্থানীয় কল্যাণ তহবিলও সারাদেশের হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানের ন্যায় খুবই সমৃদ্ধ।




