শ্যামলবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজার টানা ছুটির পর দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা ফাঁকা। টানা ৫ দিনের ছুটি শেষে বুধবার থেকেই খুলেছে অফিস-আদালত। প্রথম কার্যদিবসে অফিস পাড়ায় সংশ্লিষ্ট কমর্রতদের এবং দর্শনার্থীদের উপস্থিতি ছিল যেমন একেবারেই কম। তেমনি দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠানের চিত্রও ছিল একই রকম। একই অবস্থা ছুটি শেষের দ্বিতীয় কার্যদিবসেও।
বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, কমলাপুর রেল স্টেশন ও সদর ঘাট লঞ্চঘাটে ঘুরে দেখা গেছে এখনও রাজধানীতে প্রবেশের চেয়ে রাজধানী ছাড়ছে এমন মানুষের সংখ্যাই বেশী। নানা ঝামেলা থাকায় এবং ঈদে ঘরমুখো মানুষের চাপে যারা ঝুঁকি নিয়ে বাড়ি যেতে চাননি তারা এখন ঢাকা ছাড়ছেন। তবে বৃহস্পতিবার বিকেল ও আগামীকাল শুক্রবার রাজধানীতে মানুষের আসা শুরু হবে বলে রেল, বাস ও লঞ্চ পরিচালনা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে আজও রাজধানীর ব্যস্ত মতিঝিল পাড়া একেবারেই ফাঁকা। মতিঝিলসহ রাজধানীর অধিকাংশ মার্কেটে দোকানপাটও খুলেনি। হোটেলগুলোও বন্ধ। ফুটপাতের বেশীর ভাগ হকাররাও ঈদের ছুটি শেষে ফেরেননি। বাস চলাচল করলেও যাত্রীর সংখ্যাও কম। ঈদের তৃতীয়-চতুর্থ দিনেও যারা চলাফেরা করছেন তাদের সিংহভাগই ঈদের শুভেচ্ছা বিনিময়ে আত্মীয় স্বজনের বাসায় ঘুরে বেড়াচ্ছেন।
বুধবার অফিস-আদালত খুললেও স্কুল কলেজ খুলবে আাগামী সপ্তাহে। সচিবালয়সহ প্রার্য় সর্বত্রই এখনো ছুটির আমেজ লক্ষ্য করা গেছে।
অবশ্য গতকাল বুধবার পার্ক, চিড়িয়াখানাসহ বিনোদনের স্থানগুলোতে সাধারণ দর্শনার্থীদের ভিঢ় লক্ষ্য করা গেছে। যমুনা ফিউচার পার্কে সাধারণ দর্শনার্থীদের তিল ধারনের ঠাই ছিল না।




