গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর কিন্ডার গার্ডেন ডেভেলপার এসোসিয়েশন (জি.কে.ডি.এ) এর উদ্যোগে এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত ৫২২ ক্ষুদে মেধাবী শিক্ষার্থীকে মঙ্গলবার বৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষে স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে বেলা ১২টায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সংগঠনের গোপালপুর শাখার সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠাণ্ডু। প্রধান আলোচক ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের সিবিএ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন-গোপালপুর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুস সোবাহান তুলা, ডেপুটি কমান্ডার মো. মিনহাজ উদ্দিন, সহকারী কমান্ডার সাংগঠনিক সমরেন্দ্র নাথ সরকার বিমল, সূতী হোসেন শহীদ সোহরাওয়াদী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম, পৌর মুকুল একাডেমির অধ্যক্ষ মীর আব্দুর রহিম, লাইট হাউজ ল্যাবেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার, সংগঠনের সম্পাদক খঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ।
এসময় এসোসিয়েশনের উদ্যোগে ‘১৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান হতে প্লে থেকে চতুর্থ শ্রেণির মোট ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৪৭, প্রথম গ্রেডে ৮০, সাধারণ গ্রেডে ৩৯৫জনসহ মোট ৫২২জন ক্ষুদে মেধাবী শিক্ষার্থীর হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
প্রসঙ্গত, অনুষ্ঠানের প্রথম পর্বে বৃত্তিপ্রাপ্ত ৫২২জন শিক্ষার্থীদের মাঝে বিতরণের সর্বমোট এক লাখ ২১ হাজার ৮শত টাকার পুরোটাই অনুদান হিসেবে সংগঠনের নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান আলোচক জনতা ব্যাংক লিমিটেডের সিবিএ সভাপতি, উপজেলার নগদাশিমলা ইউনিয়নের পাথালিয়া গ্রামের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম।




