ads

মঙ্গলবার , ৭ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদ বিনোদনে মুখরিত মুজিবনগর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৭, ২০১৪ ৪:৩২ অপরাহ্ণ

Mujibnagar Eid Pic-6মেহের আমজাদ, মেহেরপুর : ঈদুল আজহা’র ছুটিতে বিনোদনের জন্য ঐতিহাসিক মুজিবনগরে হাজার হাজার মানুষের ঢল নামছে। মুজিবনগর কমপ্লেক্সে পর্যটকদের ভিড়ে তিল ধারণের ঠাঁই থাকছেনা বিশাল আম্রকাননে। ঈদোত্তর বিনোদনের জন্য মেহেরপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে নারী-পুরুষ ও শিশু-কিশোরদের ভিড় জমছে মুজিবনগরে কমপ্লেক্সে। এজন্য সংযোগ সড়কগুলোতে মানুষ ও পরিবহনের ভিড়ে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হচ্ছে। ঈদের পরদিন আজ মঙ্গলবার থেকে লোকজনের সমাগম চলছে। চলবে প্রায় এক সপ্তাহ।
স্বাধীনতার সুতিকাগার মেহেরপুরের মুজিবনগর। বিনোদন পিয়াসীদের আকর্ষনের অন্যতম যায়গা ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স। ঈদুল আযহা’র ছুটিতে একদিনের জন্য হলেও বিনোদনের প্রত্যাশায় বাস-ট্রাক, মোটরসাইকেল, নছিমন, করিমন, আলগামন, আলমসাধু যোগে মুজিবনগরে ভীড় জমাচ্ছে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা। স্থানীয় দর্শনার্থী ছাড়াও মাইক, ব্যান্ড ও ভেপু বাজিয়ে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, ফরিদপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষের ভিড় জমছে মুজিবনগরে। তাই ভ্রমন পিপাসু মানুষের ভিড়ে মুখরিত মুজিবনগর কমপ্লেক্স। মুজিবনগরে বিশাল আম্রকানন ও পার্শ্ববর্তী এলাকা জুড়ে গড়ে উঠা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক বাংলাদেশের মানচিত্র, স্মৃতি সৌধ, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন মূরাল, সরকারি শিশু পরিবার, ছয়স্তর বিশিষ্ট গোলাপ বাগান, শাপলা চত্ত্বরসহ বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখছে দর্শনার্থীরা। সীমান্তে গিয়ে ভারতের কাঁটা তারের বেড়া দেখছেন তারা। শিশু কিশোররা দর্শন করছে বেসরকারিভাবে গড়ে উঠা মনোরমা পার্ক ও চিড়িয়া খানা। ঈদোত্তর বিনোদনে মুজিবনগরের নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ এখানে আগত পর্যটকরা।
মাগুরা থেকে আগত যুবক সোহেল জানান, ঈদের পরে বিনোদনের জন্য তাদের এখানে আসা। ঈদের দিন সন্ধ্যায় বন্ধুদের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ২৪জন বন্ধু সকাল ৭ টায় আলগামনে চড়ে মুজিবনগরের উদ্দেশ্যে রওনা দেই। বেলা সাড়ে ১১ টায় মুজিবনগর পৌঁছি। একটি দিনের জন্য এখানে এসে ভিন্ন ধরনের আমেজ পাচ্ছি আমরা।
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা শহরের ব্যবসায়ী আব্দুস সালাম জানালেন, বিনোদনের জন্য স্ব-পরিবারে এখানে ঘুরেতে এসেছি। সন্তানদের বাংলাদেশের স্বাধীনতা ও সেক্টর ভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে পারছি। তাই খুব ভাল লাগছে।
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সেলিম জানালেন, ট্রাক নিয়ে মুজিবনগরে আনন্দ বিনোদনে এসেছি। এখানে আমার প্রথম আসা। এতদিন মুজিবনগর কমপ্লেক্সের কথা শুনেছি আর আজ উপভোগ করছি। এখানে খুবই ভাল লাগছে।
Mujibnagar Eid Pic-7কুষ্টিয়া জেলার দৌলতপুর থেকে আসা কলেজ শিক্ষার্থী সুমন জানান, ২০টি মোটর সাইকেল নিয়ে প্রায় ৫০ জন বন্ধু মুজিবনগরে বেড়াতে এসেছি। এখানে পর্যাপ্ত টয়লেট, পানির ব্যবস্থা, বসার যায়গা থাকা দরকার। শিশুদের বিনোদনের জন্য কিছু খেলনার ব্যবস্থা রাখা জরুরী। তিনি আরো মনে করেন মুজিবনগরের নৈসর্গিক সৌন্দর্য আরো বৃদ্ধি করা দরকার।
ঢাকা থেকে চুয়াডাঙ্গা জেলার জীবননগরে নানার বাড়ী ঈদ করতে এসেছেন শাহীন। সকালে তিনি মুজিবনগরে বেড়াতে এসেছেন। তিনি বললেন, শুনেছি ঐতিহাসিক মুজিবনগরের কথা। আজ চোখে দেখলাম। ভারত সীমান্ত ঘেষা মুজিবনগরে বিনোদনের জন্য এত লোক সমাগন হয়?
কুষ্টিয়ার মামুন হোসেন চাকরী করেন চট্টগ্রামে। তিনি বলেন, ঈদের ছুটিতে এসে কুষ্টিয়ায় ঈদ করেছি। আজ স্বস্ত্রীক মুজিবনগরে এসেছি। এখানে এসে বাংলাদেশের প্রথম মন্ত্রীসভা গঠন ও শপথের স্থান এবং মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক মানচিত্র দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ছি। এটাইতো আমাদের স্বাধীনতার সূতিকাগার। এখানে এসে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস জানতে পারলাম। খুব ভাল লাগছে।
মেহেরপুর শহরের সরকারি কলেজপাড়ার সেলিম ঢাকায় চাকরী করেন। ঈদে বাড়ি ফিরেছেন। তিনি তার কলেজ পড়–য়া স্ত্রীকে সাথে নিয়ে মুজিবনগর কমপ্লেক্সে বিনোদনের জন্য এসেছেন। তিনি বললেন, স্ত্রীকে সাথে নিয়ে এখানে ঘুরতে খুবই ভাল লাগছে তার।
ঈশ্বরদী থেকে মা-বাবার সাথে আসা ছোট্ট শিশু মীম জানালো, এখানে এসে ঘুরতে ভাল লাগছে। তবে আমাদের খেলাধুলার কোন সরঞ্জাম নেই; খেলতে পারছি না। তাই মন খারাপ লাগছে।
মুজিবনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ শফিউদ্দিন জানালেন, ঈদ পরবর্তী বিনোদনের জন্য প্রতি ঈদের পর দিন থেকে ৪/৫ দিন মুজিবনগর কমপ্লেক্সে লোকসমাগম হয়ে থাকে। তবে এবছর লোকজনের উপস্থিতি অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। বিনোদন পিপাসু লোকজন মেহেরপুর-মুজিবনগর ও দর্শনা-মুজিবনগর সড়ক হয়ে মুজিবনগরে প্রবেশ করছেন। তাদের বহনকারী বাস-ট্রাক, মাইক্রোবাস, ইজিবাইক ও মোটর সাইকেল এবং নছিমন, করিমন, আলগামন ও আলমসাধুসহ শ্যালো ইজ্ঞিনচালিত যানে উপজেলার কেদারগজ্ঞ মোড় থেকে মুজিবনগর পর্যন্ত ২ কিলোমিটার রাস্তায় এক ধরনের যানজটের সৃষ্টি করছে।
মুজিবনগর কমপেক্সে আনসার হেড মুনসুর আলীর (পিসি) নেতৃত্বে পাহারায় আছেন ৫৮ জন আনসার সদস্য। ঈদ পরবর্তী অতিরিক্ত লোক সমাগমে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে অতিরিক্ত নিরাপত্তার জন্য এখানে নজরদারী রেখেছে মুজিবনগর থানা পুলিশ। আনসার হেড মুনসুর আলী (পিসি) জানালেন, এপর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads