শ্যামলবাংলা স্পোর্টস : নিজের ৩১তম জন্মদিনে ছেলের বাবা হলেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আগামী বছর থেকে একই দিনে জন্মদিন পালন করবে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি ও জুনিয়র মাশরাফি। রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে ৫ অক্টোবর রবিবার সকাল ৯টার দিকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি ছেলে সন্তানের জন্ম দেন।
সুমির বড় বোন রিক্তা খানম জানান, সিজারের মাধ্যমে সুমির ছেলে হয়েছে। মা-ছেলে দুজনই সুস্থ আছে। মাশরাফি শনিবার রাত ১২টার দিকে কোরিয়া থেকে দেশে ফেরেন। ঢাকায় ফেরার পরপরই তিনি হাসপাতালে ছুটে যান।
ছেলে হওয়ায় ভীষণ খুশি হয়েছেন মাশরাফি। সন্তানের খবরটি তিনি প্রথমে তার বাবা গোলাম মোর্তজা স্বপন, মা বলাকা স্বপন ও মামা নাহিদকে জানিয়েছেন। সুমি-মাশরাফির ঘরে হুমায়রা মর্তুজা নামে সাড়ে তিন বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।




