শ্যামলবাংলা ডেস্ক : রাত পোহালেই ঈদুল আজহা। ঈদের জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দানসহ প্রধান স্থানগুলো এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীতে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক ও রাজনীতিকসহ সর্বস্তরের নাগরিকরা ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।
বায়তুল মোকাররমে এবার ৫টি জামাত হবে। প্রথমটি সকাল ৭টায়। এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা ও সকাল ১১টায় বাকি জামাতগুলো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত হবে। প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায়। এছাড়া রাজধানীর ও এর পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
এসব জামাতে নিরাপত্তা দিতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
চট্টগ্রাম :
বন্দর নগরী চট্টগ্রামের ১৯০টি স্থানে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় আউটার স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় এবং সিটি করপোরেশনের উদ্যোগে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে সকাল পৌনে ৮টায় প্রধান দুটি জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট :
সিলেটে নগরীর শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল করিম বিন মোশাহিদ। এছাড়া সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে ৭টায়, সকাল ৮টায় দরগাহে হযরত শাহজালাল (র.) জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসা মাঠে জামাত হবে সকাল সাড়ে ৭ টায়। টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া ৮টায়। গৌছুল উলুম জামেয়া ইসলামীয়া পশ্চিম পীর মহল্লা মাদ্রাসা মাঠে সকাল পৌনে ৮টায়, পাঠানটুলা নবাবী ঈদগাহে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দক্ষিণ সুরমার সিলাম চকের বাজার শাহী ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
খুলনা : ঈদের নামাজ আদায়ে নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে আলাদা আলাদা ব্যবস্থা নেয়া হয়েছে। খুলনার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনায় ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে। নামাজে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায় টাউন জামে মসিজদে। একই স্থানে পরে তৃতীয় একটি জামাত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে সবগুলো জামাত অনুষ্ঠিত হবে টাউন জামে মসজিদে নির্ধারিত সময়ে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় মসজিদ চত্বরে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ময়লাপোতা মোড়স্থ ফারাজীপাড়া বায়তুল আমান জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে। এছাড়া সকাল ৮টায় সরকারি বিএল কলেজ প্রাঙ্গণ, হাজী আ. মালেক দারুস সালাম ঈদগাহ ও বয়রা বায়তুল মামুর জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় নগরীর কেডিএ আন্তঃজেলা বাস টার্মিনাল জামে মসজিদ, খানজাহান আলী থানার ঈদগাহ ময়দান শিরোমনি ও মহেশ্বরপাশা সড়ারডাঙ্গা মাঠে জামাতের আয়োজন করা হয়েছে। কয়রা বায়তুল হামদ জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৯টায়। এছাড়া সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে আলাদাভাবে ঈদ জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।

রাজশাহী : রাজশাহী মহানগরীতে ঈদের প্রধান জামাত হবে হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায়। এখানে ইমামতি করবেন দরগাহ্ মসজিদের ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমান। এ বিভাগে ঈদের দ্বিতীয় বৃহত্তম জামাত হবে সকাল সোয়া ৮টায় সাহেব বাজার বড় রাস্তায়। এছাড়া সকাল ৯টায় মহানগরীর টিকাপাড়া ঈদগাহ, সুলতানাবাদ মসজিদ কমপেক্স ঈদগাহ, হাতেম খাঁ বড় জামে মসজিদ, নওদাপাড়া ঈদগাহ মাঠ, নওদাপাড়া কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল ময়দান ও রাজশাহী রেল স্টেশন চত্বরে ঈদের জামাত হবে। সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, পুলিশ লাইন ঈদগাহ মাঠ, শিরোইল ঈদগাহ, পোস্টাল একাডেমি ঈদগাহ, আহলে হাদীস কেন্দ্রীয় ঈদগাহ ও মহিশবাথান গোরস্থান মাঠে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে।
বরিশাল : বরিশালে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এখানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করবেন। তবে বিভাগের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে। প্রায় ২০ হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাতে ইমামতি করবেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম। এছাড়া বরিশাল নগরীর একাধিক স্থানে ২টি করে জামাত অনুষ্ঠিত হবে।
রংপুর : রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। রোববার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ জানান, কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রধান জামাতের পাশাপাশি কোর্ট জামে মসজিদে সকাল সোয়া ৯টায় প্রথম ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। জেলার অন্যান্য স্থানে ঈদের জামাত সকাল ১০টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে বলে জানান জেলা প্রশাসক।
শোলাকিয়া : কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে সকাল ৯টায় ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে। জামাত পরিচালনা কররেন মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। ঈদ জামাতে মুসুল্লিদের অংশগ্রহণের সুযোগ করে দিতে সরকারিভাবে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ট্রেন ভোর পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে এবং অপর ট্রেনটি সকাল ৬টায় ভৈরব থেকে কিশোরগঞ্জ শোলাকিয়া মাঠের উদ্দেশ্যে ছেড়ে আসবে বলে শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক এস এম আলম জানিয়েছেন।




