গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ঢাকা-যমুনা সেতু মহাসড়কে ব্যাপকভাবে বেড়েছে অজ্ঞান পার্টি চক্রের সদস্যদের দৌরাত্ম। ঈদ সামনে রেখে এ চক্রের সদস্যরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। আর এ কাজে তারা দূরের যাত্রীদের টার্গেট করছে বেশি। যাত্রী সেজে বাস, ট্রেন ও ট্রাকে উঠে কৌশলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে যাত্রীদের সর্বস্ব কেড়ে নিচ্ছে। আবার বিপদ বুঝে অনেক যাত্রীদের যানবাহন ফেলে দেয়া হচ্ছে। এতে জীবননাশের ঘটনাও ঘটছে। এমনি একটি ঘটনা ঘটেছে গার্মেন্ট কর্মী হামিদুরের ক্ষেত্রে। গাজীপুরের বিপি অপারেন্সে সুইং অপারেটর হিসেবে কাজ করতো ঠাকুরগাঁও সদর উপজেলার বরেয়া গোপালপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হামিদুর রহমান।
গত ২১ সেপ্টেম্বর ভোরে হামিদুর তার এক বন্ধুকে নিয়ে গাজীপুর থেকে গ্রামের বাড়ির উদ্দেশে বাসা থেকে বের হয়। আব্দুলাহপুর থেকে কম ভাড়ায় তারা একটি বাসের ছাদে উঠে। সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার শলা নামক স্থানে বাসটি পৌঁছলে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের সর্বস্ব কেড়ে নেয়। শুধু তাই নয়, তাদের বাসের ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয়া হয়। এতে হামিদুর ওই স্থানে রাস্তার পাশে একটি পুকুরে গিয়ে পড়ে তলিয়ে যায়। রাস্তার পাশে পুকুর পাড়ে পড়ে থাকে তার বন্ধু রহিম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে দুপুর ১২টার দিকে হামিদুরের লাশ উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ। পরে আত্মীয়স্বজনের কাছে তার লাশ তুলে দেয়া হয়।
একটি সূত্র জানায়, আব্দুলাহপুর থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত অজ্ঞান পাট্রির ৮-১০টি সক্রিয় চক্র কাজ করছে। তারা এসড়কের বাইপাইল, আশুলিয়া, চন্দ্রা, কালিয়াকৈর, মির্জাপুর, এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ গুরত্বপূর্ণ বাসস্ট্যান্ডগুলোতে অবস্থান নেয়। আব্দুলাহপুর, বাইপাইল ও চন্দ্রা হচ্ছে তাদের প্রধান আঁখড়া। এ তিনটি স্থান থেকেই নিয়ন্ত্রণ করা করা হয় যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করা চক্রের অন্যান্য সদস্যদের। বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারের সঙ্গে রয়েছে এ চক্রের ঘনিষ্ট সম্পর্ক। ইনকামের একটি অংশ তারা দিয়ে থাকে বাসের চালককে। আব্দুলাহপুর, বাইপাইল ও চন্দ্রা থেকে ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারের সবুজ সংকেত পেয়ে তারা বাসে উঠে পড়ে। তারপর টাকাওয়ালা যাত্রী বুঝে তাদের পাশে বসার জায়গা কওে দেয়া হয়। পরে তারা সুযোগ বুঝে কৌশলে যাত্রীদের নেশা জাতীয় দ্রব্য খাবারের সাথে মিশিয়ে অথবা ক্লোরোফর্ম জাতীয় গ্যাস নাকে ধরে অজ্ঞান করে ফেলে। তারপর সবকিছু কেড়ে নিয়ে নেমে পড়ে কাছের কোন এক স্টেশনে। আর তারা দূরের যাত্রীদের টার্গেট করে। যাতে অজ্ঞান পাট্রির খপ্পরে পড়া যাত্রীরা গন্তব্যে পৌঁছাতেই জ্ঞান ফিরে পায়। এতে কখনো কখনো আবার জীবননাশের ঘটনাও ঘটছে। ঈদকে সামনে রেখে এ মহাসড়কে অজ্ঞান পাট্রির এসব সদস্য আরো সক্রিয় হয়ে উঠছে।
এদিকে রেলের একটি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয় লাশ। বেশিরভাগ লাশেরই মেলেনা পরিচয়। রেললাইন পাড়াপাড়ের সময় নিহতদের শরীরে যে সমস্ত আঘাতের চিহ্ন থাকার কথা লাশগুলোর শরীরে সে ধরনের কোন চিহ্ন থাকেনা। আর এসব মৃত্যুর পেছনে রয়েছে অজ্ঞান পার্টি সদস্যদের হাত। যাত্রীদের চাপ বেশি থাকলে অনেক যাত্রী ট্রেনের ছাদে আরোহন করে। আর এ সুযোগে চক্রের সদস্যরা যাত্রী বেশে টেনের ছাদে উঠে পড়ে। এ কাজে তারা চলাচল করা ট্রেনগুলোকেই বেশি টার্গেট করে। পরে সুযোগ বুঝে টাকাওয়ালা যাত্রী দেখে নেশার দ্রব্য খাইয়ে সব কিছু কেড়ে নিয়ে ছাদ থেকে ফেলে দেয়। প্রায়ই ঘটছে এধরনের ঘটনা। ঈদের সামনে এ চক্রটি আরো সক্রিয় হয়ে উঠেছে।
অভিযোগ আছে ,এ চক্রটির পুলিশের সঙ্গে রয়েছে সু সম্পর্ক। প্রতিমাসে তারা একটি অংশ পেয়ে থাকে চক্রটির কাছ থেকে।
অজ্ঞান পাট্রির চক্রের বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ আখেরুজ্জামান বলেন, ঈদ সামনে রেখে যমুনা সেতু মহাসড়কে একটি চক্র এ কাজ করছে। পুলিশ চক্রটি ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।




