স্টাফ রিপোর্টার : রাতের বেলা শহর জুড়ে আলোর ঝলকানি, ঢাকের তাল, উলুধ্বনী, শঙ্খের সুর আর শত শত আবাল বৃদ্ধ বণিতার পদচারণায় শেরপুর জেলা শহর এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। দুর্গা পূজার আজ (২ অক্টোবর বৃহস্পতিবার) মহা অষ্টমী।
বুধবার মহা সপ্তমীর রাতের বেলা শহরের বিভিন্ন পূজা মন্ডবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষ দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে শহরের নয়আনী বাজারস্থ মা ভবতাঁরা মন্দিরস্থ ভূতের ডেরায় নির্মিত দূর্গা প্রতিমা দেখতে ভীড় করে বিভিন্ন শ্রেণী ও বর্ণের শিশু-কিশোররা। এখানে প্রবেশ পথে বিভিন্ন ভূতের ভয় উপেক্ষা করে যেতে হয় দূর্গা প্রতিমা দেখতে। তবে বেশীর ভাগ শিশু কিশোর প্রতিমা দেখার চেয়ে ভূতের ডেরা দেখতেই ভীড় করে। এছাড়া শহরের বিভিন্ন পূজা মন্ডপে চলে মহা সপ্তমি’র পূজা অর্চনা। হিন্দু ধর্মীয় এ উৎসবকে কেন্দ্র করে শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নয়, মুসলিম সমাজেও পূজা উপলক্ষ্যে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের কারণে সার্বজনীন পূজায় রূপ নিয়েছে।
এদিকে বুধবার রাতে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে হিন্দু সম্প্রদায়ের লোকদের শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ। এসময় জেলা পরিষদের প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হায়দার আলী, পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জন প্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায় শহরের মা ভবতাঁরা মন্দির প্রাঙ্গনে সুষ্ঠুভাবে পূজা উদযাপন এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় র্যাবের ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলন করে র্যাব-১৪। এসময় র্যাব-১৪ এর ময়মনসিংহ অঞ্চলের অধিনায়ক মঈনুল ইসলাম জানান, জেলার ১শ ৫২ টি পূজা মন্ডপে তাদের সার্বক্ষণিক নজর রয়েছে।




