রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পৌর শহরস্থ সোনাপুর বাজারে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রামগঞ্জ থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ১৮ বস্তা পলিথিন ও বিপুল পরিমান আতশ বাজি উদ্ধার করেছে। এ সময় পলিথিন ও আতশ বাজি দোকানে বিক্রির উদ্দেশে মজুদ রাখায় দায়ে সালাউদ্দিন নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা ওসি মোহাম্মদ লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশ রামগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী সোনাপুর বাজারের মায়ের দোয়া ষ্টোরে অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ১৮ বস্তা নিষিদ্ধ পলিথিন ও কার্টন ভর্তি বিপুল পরিমান আতশ বাজিসহ দোকানের মালিক কালু মিয়ার ছেলে মোঃ সালাউদ্দিনকে (২৫) আটক করে থানায় নিয়ে আসে।
থানা ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এরই মধ্যে পলিথিনের যথেচ্ছা ব্যবহারের ফলে রামগঞ্জ উপজেলা ও শহরের খাল, ডোবা-নালা, পুকুর-নর্দমা ও ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও আতশ বাজি বিক্রেতাদের বিরুদ্ধে রামগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




