বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী দিয়ে গত সাত দিন ধরে লাল পানি প্রবাহিত হচ্ছে। পানির রং হঠাৎ এমন পরিবর্তন হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা দিয়েছে ও এতে অনেকে বিষ্ময় প্রকাশ করছেন। যমুনায় রঙ্গীন পানি এমন প্রবাহের ঘটনা দেখার জন্য প্রতিদিন যমুনা পারের কৌতুহলীদের ভীর বাড়ছে। স্থানীয় ও প্রত্যেক্ষদর্শীরা জানান, চীনের পানি ছাড়াও ভারতের আসাম রাজ্যের পাহাড়ে বরফ গলা পানি প্রবাহিত হয় ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদী দিয়ে। দৌলতদিয়া ঘাটের কাছে পদ্মার সাথে মিলিত হওয়ার পর সাগরে গিয়ে পৌছে। যমুনার পানি সাধারণ দুই ধরনের রং এ প্রবাহিত হয়। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কম থাকায় তা দেখতে স্বচ্ছ ও নীল আকার ধারন করে আবার বর্ষা মৌসুমে পলী বালি পানির মিশ্রণ থাকায় তা সম্পূর্ণ রুপে ঘোলাটে আকার ধারণ করে। কিন্তু চলতি দ্বিতীয় দফার বন্যার শুরু থেকে হঠাৎ যমুনার পানি লাল আকার ধারণ করে প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা প্রথমে এটিকে আমলে না নিলেও রঙ্গীন পানি প্রবাহের ঘটনা দীর্ঘায়িত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা দিয়েছে। প্রবাহিত পানির রং দেখতে ঠিক পাকা লাল মরিচের মত। আবার কেউ কেউ যমুনার পানির এ রংকে কাঠালী রং এর মত মনে করছেন। পৌর এলাকার বাগবেড় গ্রামের ঈশার আলী জানান, ৬০-৭০ বছর আগে আসামের ডুবলীগর পাহাড় দেবে যাওয়ার পর যমুনায় এমন লাল রং এর পানি প্রবাহিত হয়। এ ব্যাপারে চরের চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা ও বোহাইল ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা টুকু জানান, যমুনা নদীতে লাল রং এর পানি প্রবাহের ঘটনা আমার জীবনে এর আগে কখনো দেখিনি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান জানান, উজানে পানি প্রবাহের উৎস মুখস্থলে কোন ঘটনা ঘটার কারণে পানির রং এমন হতে পারে। এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম সরকার জানান, এমন ধরনের ঘটনা আমার জানা নেই। তবে খোঁজ খবর নিচ্ছি।




