মেহের আমজাদ, মেহেরপুর : রং তুলির ছোঁয়ায় ছবি একে ও হাতে রং মেখে তা ছাপ দিয়ে রঙে রঙে রাঙিয়ে দিল কন্যা শিশুরা। তারা জানান দিল তাদের অধিকারের কথা। এসময় উপস্থিত অভিভাবক, শিক্ষকসহ নানা শ্রেণি পেশার মানুষ অভিভূত ও মুগ্ধ হলেন শিশুদের আঁকা ছবি দেখে।
কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যা শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে উপস্থিত সকল শিশু হাতে রং মেখে ‘কন্যা শিশু দিবস উদযাপন’ ও ‘শিশু অধিকার সপ্তাহ/২০১৪’ সংবলিত দুটি ব্যানারে হাতের ছাপ দিয়ে তাদের অধিকারের কথা প্রকাশ করে। এতে প্রায় দেড় শ’ কন্যা শিশু অংশ নেয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করেন সেভ দ্য চিলড্রেন মেহেরপুর প্রজেক্ট অফিস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, সেভ দ্য চিলড্রেনের গাংনী সাব অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার এমরান চৌধুরী, সিনিয়র প্রজেক্ট অফিসার চয়ন কুমার তালুকদার প্রমুখ।

মেহেরপুরের মোমিনপুর রামমন্দিরের কমিটি গঠন
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের মোমিনপুর শ্রীরাম মন্দিরের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০ টায় মন্দির চত্ত্বরে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলতি বছরের শারদীয় দুর্গাপুজা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সর্ব সম্মতিক্রমে প্রভাস কুমারকে সভাপতি ও বিকাশ পাত্রকে সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি প্রভাস কুমার জানান, এ বছরে পুজা উপলক্ষে সরকার পুজা মন্ডপ প্রতি ৫শ’ কেজি করে চাল প্রদান করেছেন। তিনি আরো বলেন, সরকারি সাহায্য আরো বেশি হলে ভালো হতো।

মেহেরপুর হিজুলী ফুটবল টুর্নামেন্টে বর্শিবাড়িয়া একাদশ জয়ী
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী যুবসংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ২য় পর্যায়ের খেলায় বর্শিবাড়িয়া একাদশ জয়ী হয়েছে।
গতকাল সোমবার বিকেলে হিজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বর্শিবাড়িয়া একাদশ ৩-২ গোলে মোমিনপুর ডায়মন্ড ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বর্শিবাড়িয়া একাদশ ৩টি গোল করে। খেলার দ্বিতীয়ার্ধে মোমিনপুর ডায়মন্ড ক্লাব ২ টি গোল পরিশোধ করে। বিপুল পরিমান দর্শক খেলাটি উপভোগ করেন।
মেহেরপুরে বাল্য বিবাহ নিরোধ দিবস/২০১৪ পালিত
মেহেরপুরে জাতীয় বাল্য বিবাহ নিরোধ দিবস/২০১৪ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আবুল বাশার, আরডিসি আনোয়ার পারভেজ, সহকারী কমিশনার শুভ্রাদাস, ফাতেমাতুজ্জোহুরা, জেলা মহিলা ষিয়ক কর্মকর্তা একেএম শফিউল আলম, পলাশী পাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোঃ মোশাররফ হোসেন, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার মোঃ ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আসকার আলী, কোর্ট মসজিদের ইমাম আলহাজ্ব মাও. মোঃ আনছার উদ্দিন বেলালী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বাল্য বিয়ের কুফল সম্বন্ধে তুলে ধরে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতন হতে সকলের প্রতি আহ্বান জানান।
মেহেরপুর কৃষি বিষয়ক সমবায় সমিতির অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত
মেহেরপুর ব্যবসায়ী সমিতির আয়োজনে এক আলোচনা সভা গতকাল সোমবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনূল ইসলাম খোকন। স্বাগত বক্তব্য রাখেন পোল্ট্রি মালিক সমিতির সভাপতি শাহিনুর রহমান রিটন, ল্যানের মেহেরপুর জেলা সমন্বয়কারী ফরহাদ হোসেন প্রমূখ। সভায় সদর উপজেলার কৃষি বিষয়ক সমবায় সমিতির সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। সভায় বক্তারা কৃষি বিষয়ক সমিতিগুলোকে সমবায় সমিতির অন্তর্ভূক্তিকরণের অহ্বান জানান।




