লোহাগড়া (নড়াইল ) প্রতিনিধি : সাত বছর আগে নড়াইলের লোহাগড়া থেকে উদ্ধার হওয়া বাক প্রতিবন্ধি মেয়েটির প্রকৃত অভিভাবক আজও খুজে পাওয়া যায়নি। বাগের হাটের সেভ হোমে থাকা মেয়েটির প্রকৃত অভিভাবকের সন্ধানে গতকাল সেভ হোম কর্তৃপক্ষ তাকে লোহাগড়া উপজেলা সমাজসেবা অফিসে নিয়ে আসে। মেয়েটি কথা বলতে না পারলেও কখনও কখনও নিজের নাম শহর বানু ,পিতা-লারামা ,মাতা- মমতাজ এবং ভাইয়ের নাম- পারভেজ লিখতে পারে বলে জানা যায়।

বাগের হাট সরকারী নিরাপদ আবাসন কেন্দ্রের( সেভ হোম) প্রকল্প সমন্বয়কারী এ্যাডভোকেট আফরোজা খাতুন জানান, ২০০৭ সালে অভিভাবকহীন এই মেয়েটিকে লোহাগড়া থানা পুলিশ উদ্ধার করে একটি জিডি মুলে নড়াইল আদালতে চালান দেয়।বিজ্ঞ আদালত মেয়েটির কোন অভিভাবক না পাওয়ায় তাকে বাগেরহাট সরকারী নিরাপদ আবাসন কেন্দ্রে রাখার নির্দেশ দেয়। ওই সময় বাক প্রতিবন্ধি মেয়েটির আনুমানিক বয়স ছিল ১০ বছর ,বর্তমান ১৭ বছর।মেয়েটি লম্বা এবং ফর্সা।তার ডান হাতের দ্বিতীয় আঙ্গুলটি সামান্য বাকা ।মেয়েটির প্রকৃত অভিভাবককে লোহাগড়া সমাজসেবা অফিস অথবা সেভ হোম কর্তৃপক্ষের ০১৭২০-৪৬০৪২৩ নং ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।




