ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৌলতপুরে স্কুলসহ এক সপ্তাহে শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ৬:৩৫ অপরাহ্ণ

DaulatpurSchool pic 1 29.09.14সাইদুল আনাম, দৌলতপুর (কুষ্টিয়া) : জেলা ও উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় এলাকাবাসী আপ্রাণ প্রচেষ্টা চালিয়েও শেষ রক্ষা করতে পারেননি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়টিকে। গত এক সপ্তাহের ব্যবধানে সর্বগ্রাসী পদ্মায় বিলীন হয়ে গেছে ঐতিহ্যবাহী এ স্কুলভবনসহ প্রায় শতাধিক ঘরবাড়ি। নদী ভাঙনে স্কুলভবন বিলীন হয়ে যাওয়ায় গত কয়েকদিন ধরে খোলা আকাশের নিচে ছাত্রছাত্রীদের ক্লাস নেয়া হচ্ছে। এছাড়া হুমকির মুখে পড়েছে আরো ৭টি প্রতিষ্ঠানসহ অসংখ্য ঘরবাড়ি। নদী ভাঙন ভয়াবহ রুপ ধারণ করায় যে কোনো মুহূর্তে এসব প্রতিষ্ঠানও পদ্মার পেটে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে প্রশাসন ও এলাকাবাসীর আপ্রাণ চেষ্টাতেও যখন ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বাড়িঘর পদ্মার ভাঙনের কবল থেকে রক্ষা করা গেল না, ঠিক তখনই স্কুল রক্ষার জন্য বালুর বস্তা ফেলার নামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শুভঙ্করে ফাঁকির চিত্র ধরা পড়েছে। বালুর বস্তা ফেলা নিয়ে পাউবোর দুই নম্বরির তথ্য ফাঁস হয়ে যাওয়ায় এলাকাবাসী রীতিমতো বিস্মিত হয়ে পড়েছেন।

Shamol Bangla Ads

সোমবার উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাত্র দুই বছর আগে প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেখানকার স্কুলভবনটির অর্ধেকের বেশি অংশ রাক্ষুসে পদ্মা ইতোমধ্যে গিলে ফেলেছে। সামনে জেএসসি পরীক্ষা। তাই পরীক্ষার প্রস্ততির জন্য স্কুলটিতে খোলা আকাশের নিচে ছাত্রছাত্রীদের ক্লাস নিতে দেখা যায়। বিদ্যালয়টির কর্মচারী প্রত্যক্ষদর্শী জহুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে আচমকা বিদ্যালয় ভবনের বাম পাশের প্রায় ২০ ফুট জায়গা নদীতে ধসে যায়। এরপর চোখের পলকে ভবনটির একাংশ পদ্মাগর্ভে ভেঙে পড়ে। গত গত পাঁচ দিনে স্কুলভনের অর্ধেকের বেশি অংশ নদীতে বিলীন হয়ে গেছে।
দুই বছর আগে প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়। সে সময় পদ্মার অবস্থান ছিল সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। দুই মাস আগে ভাঙতে ভাঙতে নদী বিদ্যালয় ভবনের ২০ হাতের মধ্যে চলে আসায় দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও তারা এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।
ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন বলেন, খেয়ে না খেয়ে দিনরাত পরিশ্রম করে নিজের হাতে গড়া স্কুলটি রক্ষা করতে পারলাম না। প্রায় ৩শ’ শিক্ষার্থী নিয়ে এখন চরম অনিশ্চয়তায় রয়েছি। সামনে জেএসসি পরীক্ষা। এ কারণে পরীক্ষার প্রস্তুতির জন্য এখন খোলা জায়গাতেই এসব শিক্ষার্থীর ক্লাস নেয়া হচ্ছে। তিনি শিক্ষার্থীদের দ্রুত পুনর্বাসনে সরকারের দৃষ্টি কামনা করেন। এ সময় তিনি জানান, পার্শ্ববর্তী আবেদের ঘাট থেকে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ৫৭০ মিটার এলাকা রক্ষার জন্য ২০১২-১৩ অর্থ বছরে জলবায়ু তহবিলের ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্ল¬কগুলো প্রায় ৫ কিলোমিটার দূরে পড়ে রয়েছে। অথচ সেখানে পদ্মার ভাঙন নেই। ইসলামপুরসহ অত্র এলাকায় কয়েক বছর ধরে তীব্র ভাঙন থাকলেও বারবার অবগত করার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয় ভবন ছাড়াও গত এক সপ্তাহের ব্যবধানে নদী তীরবর্তী প্রায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। পদ্মা পাড়ে বসে থাকা ফিলিপনগর গ্রামের বাদল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ জানান, পানি উন্নয়ন বোর্ডের লোকজন ফিলিপনগরের নীচে পদ্মা নদীতে কিছু বালির বস্তা ফেলেছে। তবে তা কম হওয়ার কারনে কোন কাজে আসছে না। এলাকার ভোলা , জিল্লু, হলুমিয়া, সাবাজ, ভ্যাগল, মুলা কসাই, আসাদুল, সাবু ও ইজাজুলের বাড়িসহ অন্তত এক’শ পরিবার ভিটে-মাটিসহ সর্বস্ব হারিয়েছে। এ নিয়ে চলতি বন্যা মৌসুমে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫শতাধিক বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে।
পদ্মার ভাঙন ভয়াবহ রুপ ধারণ করায় বর্তমানে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৭টি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানান, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়, ফিলিপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফিলিপনগর পিএম কলেজ, ফিলিপনগর ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও একটি মসজিদসহ অসংখ্য স্থাপনা ভাঙনের মুখে রয়েছে। এদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বালুর বস্তা ফেলার নামে লাখ লাখ টাকা লোপাট করেছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। এ ব্যাপারে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়সহ পদ্মার ভাঙন রোধে চলতি বন্যা মওসুমে ফিলিপনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত এক মাসে ৩০ লাখ টাকা ব্যয়ে ৯০ হাজার বালুর বস্তা ফেলা হলেও পানির তীব্র স্রোতে সব তলিয়ে গেছে। তবে পাউবোর প্রকৌশলী জাকির হোসেনের এমন দাবির তাৎক্ষনিক প্রতিবাদ করে ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হোসেন বলেন, ইসলামপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সর্বোচ্চ ১০ হাজার বস্তা বালু ফেলা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল হওয়ায় বিদ্যালয়টি পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে।
ফিলিপনগর পিএম কলেজেল অধ্যক্ষ মতিয়ার রহমান জানান, পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণে আজ আমার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং এলাকাবাসী চরম হুমকির মুখে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমুল হক পাভেল সাংবাদিকদের বলেন, ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়টি রক্ষার জন্য আমরা প্রশাসনের তরফ থেকে ডিসি স্যারসহ আমিও সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনি জানান, ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভাঙন রোধে স্থায়ী সমাধান হবে।

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads