চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়ায় পুকুরে পড়ে জন্নাতুল মাওয়া তাসপিয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ২৮সেপ্টেম্বর সকাল ৮টায় পৌরএলাকার ৬নং ওয়ার্ড মগবাজার মাষ্টারপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। ওইদিন ওঠোনে খেলা করার সময় হঠাৎ করে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। তাসপিয়া ওই এলাকার রুস্তম আলীর কন্যা বলে জানা গেছে।

চকরিয়ায় এলবিআরপির সংবাদ সম্মেলনে অভিযোগ
ভূমিহীন ও ভিক্ষুকদের পূনবাসনের জমি নিয়ে প্রশাসনের বাধা সৃষ্টি
চকরিয়ায় ভূমিহীন ও ভিক্ষুকদের পূনবাসনের জমি নিয়ে নানাভাবে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। সরকারিভাবে বরাদ্দ পাওয়ার পরও চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামলা রয়েছে বলে অযুহাত দেখিয়ে ওইসব জমি বুঝিয়ে দিচ্ছে না ভূমিহীন ও ভিক্ষুকদের মাঝে। গতকাল ২৮ সেপ্টেম্বর এলবিআরপি নামক এক বেসরকারি সংস্থা উপজেলা সহকারি কমিশনার ভূমি’র বিরুদ্ধে লিখিত এসব অভিযোগ তুলে ধরেন।
গতকাল ২৮সেপ্টেম্বর বিকাল তিনটায় পৌরশহরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ভূমিহীন ও ভিক্ষুক পূনবাসন পরিষদের সাধারণ সম্পাদক ও এলবিআরপির নির্বাহী পরিচালক ফরিদুল আলম এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, চকরিয়া উপজেলা ফাঁশিয়াখালী ইউনিয়নের উচিতারবিল মৌজার ১নং খাস খতিয়ানের ২’শ একর খাস জমি রয়েছে। দিনদিন ওইসব জমি জবর দখলে চলে যাচ্ছে কতিপয় ভূমিদস্যু ও প্রভাবশালী ব্যক্তির কাছে।
তিনি আরও বলেন, চকরিয়া উপজেলায় শতশত ভূমিহীন ও ভিক্ষুক রয়েছে। অনেকের বসতভিটাও নেই। নদী ভাঙ্গনের কবলে পড়ে গৃহহারা হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের পূনবাসনের জন্য কোন উদ্যোগও নেই। এলবিআরপি সংগঠনটি পুরো উপজেলায় দেড় হাজার ভূমিহীন ও ভিক্ষুকদের তালিকা তৈরী করেছে। তাদের পূনবাসনের জন্য ফাঁশিয়াখালী উচিতারবিল মৌজার ২’শ একর জমি পেতে ভূমি মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছে ভূমিহীন ও ভিক্ষুক পূনবাসন পরিষদ ও এলবিআরপি। ওই আবেদনে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সুপারিশ করেছেন। ২০১৩সালের ১৭জুলাই ভূমি মন্ত্রনালয় উচিতারবিল মৌজার দু’শ একর খাস জমি বরাদ্দ দেয়ার সিন্ধান্ত নেন। ওইজমিতে বঙ্গবন্ধু ভূমিহীন পল্লী বা গুচ্ছ গ্রামের প্রকল্প বাস্তবায়নের জন্য বেশ কয়েকবার জরিপ চালিয়ে প্রতিবেদন দেওয়া হয়। কিন্তু ওই জমি বরাদ্দ না দেয়ার জন্য নানা ভাবে আইনী জটিলতা সৃষ্টি করছেন সহকারি কমিশনার ভূমি মাইনুদ্দিন ও তহসিলদার আবুল হোসেন। অথচ উচিতারবিল মৌজার বিএস ৪৫৬দাগে ২’শ একর জমিতে কোন মামলা নেই। দ্রুত এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জোর দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল কাদের বিকম, এলবিআরপির পরিচালক, সাংবাদিক সিরাজুল হক, পরিচালক জসিম উদ্দিন, নুরুল আবছার, নাছিম হাসান বাবুল, দিদারুল ইসলাম, আবুল হোসেন, আজাদ, সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন, আইয়ুব ফারুকী।

চকরিয়া সিটি কলেজে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন পালন করেছে চকরিয়া সিটি কলেজ। গতকাল সকাল দশটায় চকরিয়া সিটি কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আবদুল কাইমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য শফিউল আলম বাহার। আরও উপস্থিত ছিলেন, প্রভাষক সালাহউদ্দিন খালেদ, প্রভাষক মনজুর আলম, প্রভাষক সোলতান আহমদ, প্রভাষক মিজবাউল হক, সাবিনা ইয়াছমিন, প্রভাষক আবু কাউসার মানিক।




