স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের একটি ভেজাল মবিল কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। ২৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে শহরের পূর্বশেরী মহল্লার জহুর আলীর ছেলে শাজাহান (৩৫) এর বাড়িতে র্যাব-১৪ জামালপুরের একটি দল ওই ভেজাল মবিল কারখানার সন্ধান পায়। ওইসময় ৭শ ২১ লিটার ভেজাল মবিল (বিচ্ছু) এবং ২২শ খালি বোতলসহ মবিল তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানে র্যাব-১৪’র ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ আনিসুজ্জামান নেতৃত্ব দেন। পরে ভ্রাম্যমান আদালত হাতেনাতে ধৃত শাজাহানকে এক বছর কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডে দন্ডিত করে। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সামছুদ্দিন মুন্না ঘটনাস্থলেই ওই সাজার আদেশ দেন। সাজার পরপরই তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

র্যাব সূত্র জানায়, দন্ডিত শাজাহান দীর্ঘদিন যাবত তার বসতবাড়িতে ভেজাল মবিল তৈরি ও বাজারজাত করে আসছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়।




