শ্যামলবাংলা স্পোর্টস : লিওনেল মেসি ও নেইমার ছন্দে থাকলে বিপক্ষ দলের কী হাল হতে পারে তা আরও একবার দেখল ফুটবল বিশ্ব৷ শনিবার লা লিগায় বিধ্বংসী ফর্মে দেখা গেল নেইমার, মেসিকে৷ হ্যাটট্রিক করলেন নেইমার৷ আর জোড়া গোল করলেন মেসি৷ তার ফলস্বরূপ গ্রানাডাকে ৬-০ গোলে হারিয়ে দিল বার্সেলোনা৷ ৪শ গোলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠে গেলেন লিওনেল মেসি।
খেলার শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন নেইমার-মেসিরা৷ ম্যাচের ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার৷ এরপর দলের হয়ে ব্যবধান বাড়ান র্যাকেটিক৷ বিরতির ঠিক আগে ফের গোল করেন ব্রাজিলিয়ান তারকা৷ বিরতির পরে নিজের হ্যাটট্রিক পূরণ করেন নেইমার৷ পাশাপাশি দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন মেসি৷ নেইমার-মেসিদের দাপটে পরবর্তী পর্বে মাথা তুলে দাঁড়াতেই পারেনি গ্রানাডা৷




