নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালের নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শনিবার বিকেলে পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মধুটিলা ইকোপার্ক গেইট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু।
সমাবেশে বক্তব্য রাখেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, এরশাদ আলী, আবু ওয়ায়েজ, নজরুল ইসলাম, শামছুল আলম, হযরত আলী, ওমর আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোস্তফাকে পুলিশ উদ্দেশ্যমূলকভাবে নারী নির্যাতন মামলার আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে। তাকে নির্মমভাবে শারিরিক নির্যাতন করেছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। তারা আরও বলেন, ঈদের আগে যদি মোস্তফাকে মুক্তি এবং দোষী পুলিশ কর্মকর্তাদের শাস্তি প্রদান না করা হয়, তাহলে ঈদের পরে হরতালসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দিয়ে নালিতাবাড়ীকে অচল করে দেওয়া হবে।
এছাড়াও সমাবেশে মোস্তফার মুক্তির দাবিতে ঈদের দিন দুপুরে স্থানীয় নেতা-কর্মীদের বাড়িতে রান্নাবান্না না করা এবং পুরনো কাপড় পড়ে থাকার কর্মসূচি দেওয়া হয়।
উল্লেখ্য, ১৭ জুলাই ইকোপার্কে এক দম্পতিকে শ্লীলতাহানির অভিযোগে গত ১৩ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার এজাহারে নাম উল্লেখ না থাকলেও নির্দোষ মোস্তফাকে গ্রেফতার করে এবং হেফাজতে নিয়ে মারধর করে পুলিশ। এ ঘটনার পর থেকেই পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ফুঁসে উঠতে থাকে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর মোস্তফার মুক্তি ও দোষী পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবীতে ইকোপার্ক চত্বরে লাঠি মিছিল প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।




