স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ কর্মী ফারুক হোসেনকে (৩৫) হত্যার অভিযোগে জাপা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস উদ্দিনকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে খুন হওয়া ফারুক হোসেনের ছোটভাই সোহেল মিয়া বাদী হয়ে সদর থানায় ওই মামলা দায়ের করেন। মামলায় জেলা জাপা সভাপতি ও বিদায়ী চেয়ারম্যান ইলিয়াস উদ্দিনের দুই পুত্র আব্দুর রউফ (৩৮) ও রুবেল মিয়া (৩০) এবং জাপা সমর্থক আজর আলী (৪০), হাসু মিয়া (২৫), বদি মিয়া (৫৫), ফারুক হোসেন বাবু (২০), জোছনা বেগম (৪৫), শাহীন মিয়া (২৫), হনুফা বেগম (৪২) ও আব্দুর রশিদ (৪৫)সহ অজ্ঞাতনামা ২০/৩০ জনকেও আসামী করা হয়েছে। এদের মধ্যে গ্রেফতারকৃত জোছনা বেগমকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার পর থেকে বিদায়ী উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিনসহ অন্যরা গা ঢাকা দিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ কর্মী ফারুক হোসেনকে হত্যার পর এলাকায় তীব্র জনরোষে গণপিটুনিতে নিহত আজর আলীর ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত থানায় কোন মামলা রুজু হয়নি। ওই ঘটনায় মামলা নিয়ে খোদ পরিবারের সদস্যদে মধ্যেই চলছে রশি টানাটানি। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।
জানা যায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাগলগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে জাপা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস উদ্দিনের সমর্থকদের সাথে প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ছানুয়ার হোসেন ছানুর সমর্থক ফারুক হোসেনসহ অন্যদের বাদানুবাদ হয়। ওই সংবাদ পেয়ে ইলিয়াস উদ্দিন ওই ভোটকেন্দ্রে গিয়ে ফারুক হোসেনকে ২৪ ঘন্টার মধ্যে দেখে নেওয়ার হুমকি দেয়। পরদিন শুক্রবার সকালে ইলিয়াস উদ্দিনের দুই পুত্র আব্দুর রউফ ও রুবেল মিয়ার নেতৃত্বে একদল জাপা সমর্থক ফারুক হোসেনকে রাস্তায় একা পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘেরাও করে ফেলে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে কেচিয়ে ফারুক হোসেনকে রাস্তাতেই হত্যা করে তার লাশ ফেলে চলে যায়। উল্লেখ্য, জেলা জাপা সভাপতি ইলিয়াস উদ্দিন চাঞ্চল্যকর লতিফ চেয়ারম্যান হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডিত হয়ে দীর্ঘ প্রায় একযুগ ধরে আপিলমূলে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে গত আওয়ামী লীগ সরকারের মেয়াদে পানি সম্পদ প্রতিমন্ত্রীর গাড়ীবহরে হামলা ও ভাংচুরসহ একাধিক গুরুতর অভিযোগের মামলা রয়েছে।
অন্যদিকে আওয়ামী কর্মী ফারুক হোসেনকে হত্যার পর এলাকায় তীব্র জনরোষে গণপিটুনিতে নিহত জাপা সমর্থক আজর আলীর ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত শেরপুর সদর থানায় কোন মামলা রুজু হয়নি। বরং ওই ঘটনায় মামলা নিয়ে খোদ পরিবারের সদস্যদের মধ্যেই চলছে রশি টানাটানি। একই ঘটনায় নিহত আজর আলীর ভাই আইন উদ্দিন ও বোন ময়না বেগম পৃথক অভিযোগ নিয়ে যাওয়ায় ওই অবস্থার সৃষ্টি হয়েছে।
এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম বলেন, ফারুক হোসেন হত্যার ঘটনায় বিদায়ী চেয়ারম্যান ইলিয়াস উদ্দিনসহ অন্যদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। ওই মামলায় এক মহিলাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া গণপিটুনিতে নিহত আজর আলীর বিষয়ে পরিবারের তরফ থেকে দু’টি অভিযোগ নিয়ে আসায় কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে। তারা মিলে একটি অভিযোগ দিলে সে বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




