মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত ফিরোজ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সে মারা যায় বলে নিশ্চিত করেছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

উল্লেখ্য, গত পরশু সোমবার দুপুরের দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কে সদর উপজেলার বামনপাড়া শ্মশানঘাট এলাকায় মোটর সাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ হোসেন (২৮) মারাত্মক আহত হয়। মেহেরপুর শহরের কাজ শেষে তার এক সংগীর সাথে মোটর সাইকেল যোগে নিজ গ্রামে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথপুর ফিরছিল। পথে বামনপাড়া শ্মশানঘাট এলাকায় পৌঁছালে তার মোটর সাইকেলের সাথে বিপরীত মুখি একটি আলগামনের সংঘর্ষ হয়। পথচারীরা মারাত্মক আহত ফিরোজ হোসেনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহত ফিরোজ হোসেন বিশ্বনাথপুর গ্রামের হাবিবের ছেলে।
মেহেরপুরে টেকনিশিয়ালের ভূলে রক্ত শূন্যতায় রোগীর মৃত্যুর অভিযোগ

মেহেরপুর জেনারেল হাসপাতালের টেকনিশিয়ানের ভূলে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃদ্ধ আব্দুল মান্নান ওরফে মুন্নাফ মন্ডলের (৬৮) শরীরে ও পজেটিভ রক্তের প্রয়োজন ছিল। কিন্তু এর পরিবর্তে হাসপাতালের টেকনিশিয়ান ফারুক এবি পজেটিভ রক্ত সংগ্রহ করতে বলেন। দীর্ঘ সময় ও পজেটিভ রক্ত শূন্যতায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন নিহত মুন্নাফ মন্ডলের ছেলেরা। নিহত মুন্নাফ মন্ডল মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামের মৃত মিলন মন্ডলের ছেলে।
নিহতের ছেলে রুস্তম আলী মন্ডল জানান, সোমবার রাত ১০টার দিকে তার অসুস্থ পিতাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শরীরে রক্তের প্রয়োজন দেখা দিলে ডাক্তারের পরামর্শে জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের টেকনিশিয়ান ফারুক রক্তের গ্রুপ পরীক্ষা করেন। তিনি রোগীর স্বজনদের এবি পজেটিভ রক্ত সংগ্রহ করতে বলেন। দীর্ঘ সময় চেষ্টা করে রোগীর লোকজন এবি পজেটিভ রক্ত সংগ্রহ করেন। বৃদ্ধের শরীরে ওই রক্ত পুষ করার আগে অন্য একটি রিপোর্টে জানা যায় তার শরীরে ও পজেটিভ রক্তের প্রয়োজন। বৃদ্ধার তিন ছেলের শরীরে ও পজেটিভ রক্ত থাকার পরও দীর্ঘ সময় রক্ত বৃদ্ধের শরীরে রক্ত পুষ না হওয়ায় রোগী মারা যান। এ ঘটনার পর থেকে টেকনিশিয়ান ফারুক গা ঢাকা দিয়েছেন। হাসপাতাল চত্বরে বে-গতিক পরিস্থিতি’র সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ হাসপাতাল চত্বরে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। টেকনিশিয়ান ফারুক’র বিরুদ্ধে নিহতের ছেলেরা মামলার প্রস্তুতি নিচ্ছে।
মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গোপালপুর নামক স্থানে এক সড়ক দূর্ঘটনায় শুকুর আলী (৬৫) নামের এক বৃদ্ধ মারাত্মক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে পথচারীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে ওই ঘটনা ঘটে। বৃদ্ধ শুকুর আলী মেহেরপুর শহর থেকে সাইকেল যোগে নিজ গ্রাম সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামে ফিরছিলেন। তিনি ওই গ্রামের মৃত আইনুদ্দীনের ছেলে। ঘটনাস্থলে দ্রুতগামী বিপরীতমুখী একটি মোটর সাইকেলের সাথে তার সাইকেলের সংঘর্ষ হয়।
মেহেরপুরের সাবেক পৌর কমিশনার আব্দুল হালিম মারাত্মক অসুস্থ্য
মেহেরপুরের সাংবাদিক সাহেদুজ্জামান রিপনের পিতা মেহেরপুর পৌর সভার ৬নং ওয়ার্ডের সাবেক পৌর কমিশনার ও তহবাজার ব্যবসায়ী সমিতি মেহেরপুরের অর্থ সম্পাদক আব্দুল হালিম মারাত্মক আসুস্থ। তিনি লিভার সিরোসিস ও হ্যাপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
সাংবাদিক রিপন অসুস্থ আব্দুল হালিমের ছোট ছেলে। গতকাল সন্ধ্যায় একদল সাংবাদিক অসুস্থ আব্দুল হালিমকে তার নিজ বাড়ি মেহেরপুর শহরের ফৌজদারীপাড়ার বাড়িতে দেখতে গেলে সাংবাদিক রিপন জানান, লিভার সিরোসিস ও হ্যাপাটাইটিস ভাইরাসে আক্রান্ত তার অসুস্থ পিতাকে ভারতের ভেলোর হাসপাতালে গত ২৪ মার্চ ভর্তি করেন ও সেখানকার চিকিৎসকের নির্দেশ মতে ৪ মে দেশে ফেরান। বর্তমানে ঢাকার একটি বে-সরকারি হাসপাতালের চিকিৎসকের দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী বাড়িতে ওযুধ সেবন করাচ্ছেন। আব্দুল হালিম মেহেরপুর পৌর সভার ৬নং ওয়ার্ড বিএনপি’র সহসভাপতিও। অসুস্থ পিতা আব্দুল হালিমের সুস্থতায় সকলের দোয়া কামনা করেছেন সাংবাদিক রিপন।
মেহেরপুর পিরোজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষনা
মেহেরপুর পিরোজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘটনা করা হয়েছে। কমিটিতে শফিকুর রহমানকে সভাপতি ও সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল ওই কমিটি ঘোষনা করেন।
মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুলের সভাপতিত্বে তার কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আওয়ামী লীগ নেতা শামীম ফেরদৌস, খাকসার আলী, আব্দুল মোমিন প্রমুখ।
মেহেরপুরের বিভিন্ন বেকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা আদায়
মেহেরপুরের বিভিন্ন বেকারী ও ব্যবসা প্রতিষ্ঠানে নোংরা ও মেয়াদ উত্তীর্ণ বাসী খাবার রাখার দায়ে ভ্রাম্যমান আদালত বেকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের নিকট থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর সহকারি কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এদিন মেহেরপুর শহরের বোম্বে বেকারীতে অভিযান চালিয়ে বেকারী মধ্যে টয়লেট ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে বেকারী মালিককে ১৮ হাজার টাকা, জোছনা বেকারীতে নোংরা পরিবেশ থাকায় ৩ হাজার টাকা ও সৌখিন ফাস্ট ফুডের দোকানে মেয়াদ উত্তীর্ণ জুট পাওয়া যাওয়ায় এক হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের টিম।




