তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : “ধর্ম যার যার, উৎসব সবার”- এ শ্লোগানটি সামনে রেখে হিন্দু সনাতন ধর্ম্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয়া দুর্গোৎসব এবং মুসলমান ধর্ম্মালম্বীদের ঈদ-উল-আযহা’য় ছিনতাই, চাঁদাবাজী ও ডাকাতিসহ যে কোন ধরণের নাশকতা ঠেকাতে কুসিক এলাকাসহ কুমিল্লায় ১৬উপজেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শারদীয়া দুর্গোৎসবকে সার্বজননী উৎসবে রূপ দিতে কিংবা যে কোন ধরনের নাশকতা রুখতে মাঠে থাকবে পোষাকধারী পুলিশ, ডিবি পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা। এছাড়া থাকবে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। ইতোমধ্যে চন্ডিপাঠের মধ্যদিয়ে দেবী দূর্গাকে স্বর্গালোক থেকে মত্তলোকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। শাস্ত্র মতে, এ বছর বিপদনাশিনী দেবীর নৌকায় আগমন ঘটবে এবং দেবীর দোলায় গমন করবেন। আগামি ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার ষষ্ঠী তিথিতে দেবী দূর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্ম্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপুঁজো এবং ৪ অক্টোবর শনিবার দশমীর পর প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয়া দূর্গোৎসব। শরতের কাশফুলের সাদা শুভ্রতা মনে করিয়ে দেয় বিপদনাশিনী দেবী দূর্গার আগমনী বার্তা। নর-নারী, তরুণ-তরুণীদের এমনকি বৃদ্ধ-বৃদ্ধারাও দেবীর আর্শিবাদ পাওয়ার আশায় প্রতিজ্ঞায় প্রহর গুন্ছে পুজার এই শুভ লগ্নে।
কুমিল্লার সকল উপজেলা অফিস সূত্রে জানা যায়- বিগত বছরের ন্যায় এবারও কুমিল্লা জেলায় প্রায় পৌনে ৭’শ পূজা মন্ডপে শারদীয়া দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগর এলাকায় ৪৩টি ও আদর্শ সদর উপজেলায় ১৭টি এবং ঘটপূজা ১টি, সদর দক্ষিণে ৩১টি, মুরাদনগর উপজেলায় ১৫১টি, দাউদকান্দি উপজেলায় ৪৯টি, মেঘনা উপজেলায় ৩টি, তিতাস উপজেলায় ৯টি, দেবিদ্বার উপজেলায় ৭১টি, লাকসাম উপজেলায় ৩০টি, চান্দিনা উপজেলায় ৬৪টি, ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৫টি, বুড়িচং উপজেলায় ৩৬টি, চৌদ্দগ্রাম উপজেলায় ২০টি, নাঙ্গলকোট উপজেলায় ৮টি, হোমনা উপজেলায় ৩৮টি, বরুড়া উপজেলায় ৭৯টি, মনোহরগঞ্জ উপজেলায় ১১টি পূজা অনুষ্ঠিত হবে।
এদিকে, শারদীয়া দুর্গা পূজার আর মাত্র ক’দিন বাকী। মন্ডপে প্রতিমা র্নিমাণের কাজ প্রায় শেষের দিকে। শারদীয়া দুর্গা উৎসব জমিয়ে তুলেছে মূর্তি রং করার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। যতই দিন ঘনিয়ে আসছে বিভিন্ন জেলা হতে কুমিল্লায় আগত মৃৎশিল্পীরা নিখুঁত রং তুলিতে দেবীকে অপরুপ সাজে সাজিয়ে তুলছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে- নগরীর কাত্যায়নী কালীবাড়ী, দঃ ঠাকুরপাড়া কালীগাছতলা কালীমন্দির, দেশওয়ালী পট্টিতে প্রতিমা তৈরীর কারখানাগুলোতে প্রতিমা রং করার কাজে রাতদিন ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন জেলা হতে আগত মৃৎশিল্পীরা। এছাড়াও জেলা শহরসহ সকল উপজেলা’র বিভিন্ন বাসা-বাড়ী’র পারিবারিক মন্দির গুলোতে দূর্গা প্রতিমা রং করার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এসব মৃৎশিল্পীরা। এ সকল পুজো মন্ডপগুলোতে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ হরধুম চলছে এবং অস্থায়ী পূঁজো মন্ডপ তৈরী ও অপরুপ সাজ-সজ্জার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন নগরী’র বিভিন্ন ফুল ও ডেকোরেটর দোকান গুলোর মালিক ও কর্মচারীরা।
জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল বলেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। আসন্ন শারদীয়া উৎসব এবং ঈদ-উল-আযহাকে সার্বজনীন উৎসবে রূপ দিতে সকল প্রকার অশুভ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
এ ব্যাপারে কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান- আসন্ন শারদীয়া দুর্গোৎসব এবং ঈদ-উল-আযহা ওই দু’টি উৎসবকে সার্বজননী উৎসবে রূপ দিতে এবং ছিনতাই, চাঁদাবাজী ও ডাকাতিসহ যে কোন ধরণের নাশকতা ঠেকাতে কুমিল্লা জেলা শহরসহ ১৬ উপজেলায় নেয়া হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও মাঠে থাকবে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ গোয়েন্দা নজরদারী।
কোতয়ালী থানা অফিসার্স ইনচার্জ মোঃ খোরশেদ আলম জানান, কুমিল্লার আদর্শ সদর এলাকার ঝুঁকিপূর্ণ পূজো মন্ডপ গুলোতে থাকবে অতিরিক্ত পুলিশ মোয়াতেন। এ ছাড়াও থাকবে সাদা পোষাকধারী পুলিশ ও ভ্রাম্যমান আদালত।

চৌদ্দগ্রামে হালিম হত্যা মামলার দুই আসামী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারদারী গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে খুন হওয়া আবদুল হালিমের (২৪) হত্যা মামলার পলাতক দুই আসামী রাজু ও পারভেজকে চট্টগ্রামের রাউজান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুই ঘাতককে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার কৈয়ারদারী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রেজাউল হক রাজু ও নুর ইসলামের ছেলে পারভেজ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এস.আই) ত্রিনাথ সাহা বলেন, চলতি বছরের গত ১৪ মে বিকেলে ওই এলাকায় ফুটবল খেলা নিয়ে রাজু ও পারভেজের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্র নিয়ে আবদুল হালিমের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে তাকে খুন করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করলে দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের রাউজানের চুয়েট এলাকা থেকে ওই দুই ঘাতককে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কুমিল্লায় বিজিবি‘র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল আটক
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত ২টায় নায়েব সুবেদার মোঃ সুরুজ আলীর নেতৃত্বে বৌয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২শ’টি ভারতীয় উন্নতমানের শাড়ী আটক করেছে বিজিবি-১০। অন্য আরেকটি অভিযানে মথুরাপুরের নির্ভয়পুর এলাকায় নায়েব সুবেদার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় হুইস্কি আটক করে।
এছাড়াও অন্যান্য এলাকায় একাধিক অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি ৬৭ বোতল, ফেন্সিডিল ২৫ বোতল, গাঁজা ৭ কেজি, শাড়ী ১শ’ ৭৮টি, থ্রী পিচ ১২টি, জিরা ২শ’ কেজি, কিসমিস ৪ কেজি, গুড়া দুধ ৩ কেজি, কসমেটিক সামগ্রী ৯৮টি, বাই-সাইকেল ২টি এবং পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৫ প্যাকেট আতশবাজি আটক করেছে।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতাউল্লাহ জামী এ প্রতিনিধিকে জানান- বিজিবি কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ী ও মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ ৬৩ হাজার ৬শ’ ৩৫ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।




