মিজবাউল হক, চকরিয়া : আশঙ্কাজনক ভাবে বাড়ছে নিউমোনিয়া রোগের প্রার্দূভাব। চকরিয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে মৃত্যু হয়েছে ৪শিশুর। তিন মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুরাই এরোগে আক্রান্ত হচ্ছে বেশি। প্রতিদিন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা ভিড় জমাচ্ছে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে। এ হাসপাতালটি ৫০শয্যা হলেও প্রতিদিন নানান রোগে আক্রান্ত হয়ে রোগী আসছে দু’শ থেকে তিন’শ। অনেক সময় সীটের অভাবে রোগীদের চিকিৎসা নিতে বারান্দার ফ্লোরের ওপর। আবার অনেকে একই সীটের মধ্যে দুই তিনজন গাদাগাদি করে চিকিৎসা সেবা নিচ্ছে। হঠাৎ করে বৈরি আবহাওয়া, ঋতু পরিবর্তন, দিনে গরম, রাতে ঠান্ডা, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনার অভাবেই এ রোগ বাড়ছে বলে জানালেন শিশু বিশেষজ্ঞরা। তবে নিউমোনিয়া রোগ নিয়ন্ত্রণ রয়েছে এমন কথাও জানালেন চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ছাবের আহমদ।

জানা যায়, হঠাৎ করে চকরিয়া উপজেলায় শিশুদের নিউমোনিয়া রোগের প্রার্দূভাব বেড়ে যাওয়ায় চকরিয়া সরকারি হাসপাতালের পাশাপাশি জমজম হাসপাতাল, এশিয়ান হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল ও মা মণি হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে। কেউ আবার প্রাইভেট ভাবে শিশু বিশেষজ্ঞের দ্বারস্থ হয়ে টাকার বিনিময়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছে। গত এক সপ্তাহ ধরে উদ্বেগজনকহারে নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এসব শিশু রোগীর চিকিসা সেবা দিতে চকরিয়া হাসপাতাল কর্তৃপক্ষের রীতিমত হিমশিম খেতে হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে এ রোগে আক্রান্ত হয়ে চকরিয়া সরকারি হাসপাতাল ও জমজম হাসপাতালে অন্তত ৪শিশু মৃত্যু হয়েছে। তারমধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। গত শুক্রবার সকালে জমজম হাসপাতালে মারা যায় কৈয়ারবিল ইউনিয়নের সায়মা জহি মনি নামে এক শিশু। এরপরদিন শনিবার সকালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে চকরিয়া সরকারি হাসপাতালে মারা যায় আরেকটি শিশু। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি। ওইদিন রাত দুইটার দিকে চিকিৎসার অভাবে চকরিয়া সরকারি হাসপাতালে মারা যায় আলমগীর হোসেন নামে আরেকজন শিশু। গতকাল মঙ্গলবার একই হাসপাতালে মারা যায় আরেকজন শিশু।
এদিকে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিনে হাসপাতালে দেখা যায়, শিশু ওয়ার্ড সহ ৪টি ওয়ার্ডে নিউমোনিয়া আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকদের প্রচন্ড ভিড় পরিলক্ষিত করা গেছে। হাসপাতালের বেড়ে ঠাই না পেয়ে অনেক রোগী বারান্দার চিকিৎসা গ্রহণ করছে। অক্সিজেন ও নিভোলাইজারের অভাবে অভিভাবকরা দিকবেদিক ছুটাছুটি করছে। এসময় কথা হয় উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ভিলেজারপাড়া গ্রামের আবদুর রশিদ ও মাইমুনা আক্তারের সাথে তারা ৮মাস বয়সে শিশু কন্যা নিউমোনিয়া আক্রান্ত তাহমিনাকে নিয়ে এসেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু হাসপাতালে শয্যা না পেয়ে তারা চিন্তিত হয়ে পড়েন। এসময় বাধ্য হয়ে শিশু বিশেষজ্ঞ ডা: আবদুছ সালামের কাছে চিকিৎসা করিয়েছেন। এব্যাপারে জানতে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা: ছাবের আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ৪দিনে এ হাসপাতালে ৮২জন শিশু রোগী এসেছে। তাদের মধ্যে ৭০জনই নিউমোনিয়া রোগে আক্রান্ত। তাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষ করে অক্সিজেন, নিভোলাইজার ও এমপিসিলিন ইনজেকশনের মাধ্যমে এ চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৪জন রোগী মারা গেছে। বর্তমানে নিউমোনিয়া নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে। তিনি আরও জানান, বছরের এ সময়ে বৈরি আবহাওয়া ঋতু পরিবর্তন, দিনে গরম, রাতে ঠান্ডা ও স্বাস্থ্য সচেতনার অভাবের কারণে এ রোগ ছড়াচ্ছে বেশি। বিশেষ করে এ উপজেলা সাহারবিল, পূর্ববড়ভেওলা, বদরখালী কৈয়ারবিল, হারবাং, বরইতলী, সুরাজপুর-মানিকপুর, ফাঁশিয়াখালী ইউনিয়নসহ পাশ্ববর্তী কুতুবদিয়া উপজেলা থেকে নিউমোনিয়া আক্রান্ত রোগীরা আসছে বেশি। অভিযোগ উঠেছে, প্রতিদিন চকরিয়া হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়লেও তারা যথাযথ চিকিৎসা পাচ্ছে না। হাসপাতালের কর্মরত দু’ শিশু বিশেষজ্ঞ ডাক্তার খালেদ হোসেন ও ডা: আবদুছ সালাম অফিস চলাকালীন সময়েও টাকার বিনিময়ে প্রাইভেট চেম্বারে রোগী চিকিৎসা করে যাচ্ছেন।
চকরিয়ায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ বিষয়ক সভায়:এমপি ইলিয়াছ
অল্প সময়ের মধ্যে চকরিয়া সরকারি হাসপাতালটি এক’শ শয্যায় উন্নীত হবে

মশারি টাঙ্গিয়ে মশা নিয়ন্ত্রণ করা যায় না। নিয়ন্ত্রণ করতে বাড়ির আশেপাশে ডোবা, নালা নর্দমা, কচুরিপনা ভর্তি ডোবায় জমে থাকা পানি পরিস্কার রাখতে হবে। বাড়াতে হবে জনসচেতনা। এভাবে ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। গত ২৩সেপ্টেম্বর সকাল দশটায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত বেসরকারী সংস্থা একলাবের উদ্যোগে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন আগত অতিথিরা। চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আনোয়ার আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, সুরাজপুর-মানিকপুর চেয়ারম্যান আজিমুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মোরশেদ আলম, ডা: কবির আহমদ, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ারুল এহেসান বুলু, ডা: রুকন উদ্দিন, ডা: নজির আহমদ, এনজিও কর্মী নোমান, সাংবাদিক মিজবাউল হক, সাংবাদিক ওমর আলী, সাংবাদিক কেএম নাছির উদ্দিন, সাংবাদিক আবদুল মজিদ, নাছির উদ্দিন সুনু, নারী নেত্রী শাহানা আক্তার,। অনুষ্ঠানে একলাবের কার্যক্রম তুলে ধরেন চকরিয়া এরিয়া ম্যানেজার মো: মাহবুবুর রহমান ভুইয়া। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্ব ছিলেন, প্রোগ্রাম ম্যানেজার সাইফুল ইসলাম জামশেদ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার একটি স্বাস্থ্যবান্ধব সরকার। স্বাস্থ্য খাতে এ সরকার বিপুল অর্থ বরাদ্দ দিয়ে থাকেন। সাধারণ মানুষের দৌরগোড়ার স্বাস্থ্যসেবা পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক গুলো চালু করেছেন। এসব ক্লিনিক গুলোতে একজন করে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, অল্প সময়ের মধ্যে চকরিয়া সরকারী হাসপাতাল ৫০ শয্যা থেকে এক’শ শয্যায় উন্নীত করা হবে বলে তিনি জানান।
খুটাখালী যুবলীগ নেতা মিজান হত্যার
আসামি গ্রেফতার
খুটাখালী ইউনিয়নের যুবলীগ নেতা মিজান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা জালাল উদ্দিন প্রকাশ জুলু মেম্বার (৫০) গ্রেফতার হয়েছেন। গত সোমবার রাতে পুলিশ উপজেলার খুটাখালী ইউনিয়নের নতুন অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। জুলু মেম্বার ইউনিয়নের পূর্ব নয়াপাড়া এলাকার মৃত তমিম গোলালের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও চকরিয়া থানার এসআই মো. শাহাদাত হোসেন জানান, বিরোধের জের ধরে গত ২ জুলাই রাতে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে যুবলীগ নেতা মিজানুর রহমানকে হত্যা করেন। এ ঘটনায় তার ভাই মুজিবুর রহমান বাদি হয়ে পরদিন চকরিয়া থানায় ১৭জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ১৪ নম্বর আসামি জালাল উদ্দিন প্রকাশ জুলু মেম্বারকে সোমবার রাতে গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, যুবলীগ নেতা মিজান হত্যা মামলার এজাহারনামীয় জুলু মেম্বারবে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
চকরিয়ায় এক মাদক বিক্রেতা ও নারী
নির্যাতন মামলার দুই আসামি গ্রেফতার
চকরিয়ায় পুলিশের অভিযানে ১৫লিটার চোলাই মদসহ এক মাদক বিক্রেতা ও নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার হয়েছে। সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশের বিভিন্ন স্থানে এ অভিযান চালায়।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, সোমবার রাতে থানার এসআই জামাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা স্থানীয় মৃত নুর হোসেনের ছেলে কফিল উদ্দিনকে (২৮) গ্রেফতার করেন। অপর অভিযানে মাতামুহুরী পুলিশ ফাঁড়ির আইসি বাবুল আজাদ উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের উত্তর চরপাড়া থেকে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি স্থানীয় আনোয়ার হোসেনের ছেলে আবদুল হাকিম (৩৮) ও দক্ষিন বহদ্দারকাটা গ্রামের নজির আহমদের ছেলে মোহাম্মদ আইয়ুবকে (২৬) গ্রেফতার করেন। ওসি আরো বলেন, মদ উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। নারী নির্যাতন মামলার আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




