ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : গত ক’দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নিুাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে। গত ৩ দিনের ভারী বর্ষণ ও মহারশি, সোমেশ্বরী, কালঘোষা, মালিঝিসহ বিভিন্ন নদীগুলোতে পাহাড়ী ঢলের পানিতে রাস্তা-ঘাট বিধ্বস্ত হয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২ হাজার হেক্টর আমন ধানের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। বেশক’টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি উঠে শিক্ষা ব্যাহত হচ্ছে। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে কথা বলে উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়েছে বলে জানা গেছে। পানিবন্দী গ্রামগুলো হচ্ছে বেলতৈল, পুরষত্বনখিলা, শাকপাড়া, শালদা মাছপাড়া, কোনাগাও, বনগাও, নয়ানীপাড়া, লঙ্গেশ্বর, দড়িকালিনগর, সুড়িহারা, পাইকুড়া, দাড়িয়ারপাড়, বিলবাড়ী, চতল, বালুরচর, কান্দুলী, মাঝাকান্দুলি, হাতিবান্দা, মোনাকোষা, বাগেরভিটা, মাটিয়াপাড়া, বালিয়াচন্ডীসহ প্রভৃতি গ্রাম। এসব গ্রামের পানিবন্দী লোকজনের দুর্ভোগ চরম আকার ধারন করেছে। বিভিন্ন স্থানের কলার ভেলা ও নৌকাযোগে লোকজন পারাপার হচ্ছে। সরেজমিনে গিয়ে পানিবন্দী মানুষের দূর্ভোগের পাশাপাশি অনেক স্থানে বন্যার পানিতে দেখা গেছে মাছ ধরার উৎসব।




