শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার অভিযোগে শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। ২০ সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভায় ওই ঘোষনা দেয়া হয়।

জানা যায়, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে প্রায় এক যুগ আগে। এর মধ্যে শেরপুর-৩ আসনের এমপি একেএম ফজলুল হক চাঁনের উন্নয়নমূলক কার্যক্রম আর জাতীয় দিবস ব্যতিত তেমন কোনো উল্লেখযোগ্য সভা সমাবেশ হয়নি। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার কারণে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। দীর্ঘদিন যাবত অনেকে এর প্রতিবাদ করে আসলেও উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তেমন গুরুত্ব দেয়নি। ফলে অনেকের মাঝে বিরাজ করছিল চাপা ক্ষোভ। অবশেষে স্থানীয় বেশিরভাগ নেতাকর্মী জেলা আওয়ামী লীগে অভিযোগ দিলে বিষয়টি আলোচনায় ওঠে আসে। জেলা আওয়ামী লীগের সভায় ঘোষণা দেয়া হয় শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত। এ সংবাদ পেয়ে স্থানীয় অনেক নেতাকর্মী জেলা আওয়ামী লীগের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।




