নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম ডিগ্রী কলেজে আজ শনিবার ছাত্রলীগ ও শিবিরের মাধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় উভয় সংগঠনের মাধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, রোববারের হরতাল সমর্থনে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে কলেজে মিছিল করে শিবির। এর পরেই ছাত্রলীগ মিছিল বের করে শিবিরের কর্মীদের ধাওয়া করে। এতে উভয় সংগঠনের মাধে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ছাত্রলীগকর্মী রন্টি ও সুমন এবং শিবিরকর্মী আসলাম, শামীম ও হুমায়ন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাহাদুর আলী বলেন, শিবির কলেজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছিল, তাই তাদের ধাওয়া করা হয়।
শিবির সভাপতি শাওন আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের সাথে ছাত্রলীগের দ্বন্দ্ব হয়নি। আমরা মিছিল করে চলে যাওয়ার পর তারা নিজেদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ করেছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন বলেন, দুই সংগঠনের ছাত্ররা মিছিল করেছে। এ ছাড়া কোনো ঘটনা ঘটেনি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন বলেন, কলেজে ছাত্রলীগ ও শিবিরের মিছিলের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।




