ইয়ানুর রহমান, যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ হত্যাকাণ্ডের আগে হুমকির একটি অডিও রেকর্ডিং ক্লিপের কথপোকথন নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। জেলা ছাত্রলীগের এক নেতা মোবাইল ফোনে নাইমুল ইসলাম রিয়াদকে হুমকি দেন।

এক মিনিট ঊনচল্লিশ সেকেন্ডের অডিও রেকর্ডিং এখন পুলিশ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে।
নাইমুল ইসলাম রিয়াদের বাবা কাজী মনিরুল ইসলাম বলেন, ‘অডিওতে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সেটি নাইমুল ইসলাম রিয়াদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের এটা তারা নিশ্চিত। হত্যাকাণ্ডের আগে কোন একদিন রিয়াদকে মোবাইল ফোনে হুমকি দেয়া হয়েছিলো। হত্যকাণ্ডের পর রিয়াদের বন্ধুদের কাছ থেকে অডিও রেকর্ড উদ্ধার করেছি।’
এবিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। ফলে তার সঙ্গে কথা বলার প্রশ্নই উঠে না। আর অডিও রেকর্ডিং তিনি শোনেন নি। তবে তথ্য প্রযুক্তির এ যুগে ছাত্রলীগের নেতাদের কেউ বিপদে ফেলতে এ ষড়যন্ত্র করতে পারে।’
এদিকে, অডিও রেকর্ডের সূত্র ধরেই অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন।
অডিও রেকর্ডিং হুবহু নিচে তুলে ধরা হলো-
নেতা : কি করলা জানো না। আমি বলছি, তোমাদের সবগুলোরে হাড়হাড্ডি ভেঙে সব বাড়ি পাঠিয়ে দেব। ঠিক আছে না। তোমাদের পড়ার সাধ মিটিয়ে দিবানে। (মুখ খিস্তি) ফিরে চলার জায়গা পাওনা তাইনা? এই সোহাগ ভাই রাজু ভাই কমিটিতে এসে এই কমিটি তোরা মানিস নে, তোদের এত বড় সাহস দিল কিডারে?
রিয়াদ: ভাই আমরা তো- সেক্রেটারি ভাই (কথা থামিয়ে দেন নেতা)।
নেতা: এই তোরা মানিস নে তো আবার সাংবাদিক সম্মেলন করছিস, একেক জনের হুমকি দিচ্ছিস। কালকের থেকে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাবি। তোদের কোন বাপ ক্যাম্পাসে ঢুকোয় কাল থেকে আমি দেখে নেব। আমি ঢাকায় ছিলাম।
নাইমুল ইসলাম রিয়াদ: ভাই ভাইৃ..(কথা থামিয়ে দেন নেতা)।
নেতা: এই আমি যেই ডে বলব সেইডে শোন, তুই কোনো কথা বলবি নে। তুই শুধু শুনবি। এই তোদের ভিসি ঠেকাতে পারবে? তোদের ভিসির চেয়ার থাকবে? ফাজলামি পাইছো তাইনা। কালকের থেকে হল ছেড়ে দিবি। যতদিন পর্যন্ত আমি তোদের না বলব ততদিন পর্যন্ত তুই ক্যাম্পাসে আসবিনে। কাল সকালে যেন আমি দেখি তুই হল ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছিস। আর তা না হলে তুই কিন্তু হসপিটালে ভর্তি হবি। আমি স্টেইট বলে দিচ্ছি। কথাটা মনে রাখিস। কাল সকাল ১০ টার মধ্যি ক্যাম্পাস ছেড়ে দিবি। তোর হলের থেকে সব গুছিয়ে নিয়ে ভিসির জানিয়ে দিবি বিপুল ভাই বলেছে, সকাল ১০ টার মধ্যে আমার ক্যাম্পাস ছাড়তে। পারলি ভিসির বলিস যে, তোর ঠেকাতে, ঠিক আছে? আর ভিসির সাথে সংস্পর্শে যদি থাকিস তুই হসপিটালে ভর্তি হবি কথাটা মনে রাখিস।
নাইমুল ইসলাম রিয়াদ: ভাই এবার আমি একটা কথা (কথা থামিয়ে দেয়া হয়)।
নেতা: ১০ টার মধ্যে চলে যাবি। তোর কোনো কথা আমি শোনবো না।
নাইমুল ইসলাম রিয়াদ: ভাই আমি দুই মিনিট কথা বলব।
নেতা: তোদের আর কোনো কথা শোনবো না। অনেক বুঝাইছি, তোদের আর বোঝাবো না। আমি তোর এক মিনিট কথা শোনবো না। এটা আমার শেষ কথা (এই বলে সংযোগ কেটে দেন নেতা)।
নাইমুল ইসলাম রিয়াদ: ভাই ভাই (এরপর আর কোন কথা শোনা যায়নি)।
প্রসঙ্গত: ছাত্রলীগের ইফতার মাহফিলে উপস্থিত না হওয়ার জের ধরে গত ১৪ জুলাই বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে নাইমুল ইসলাম রিয়াদকে হত্যা করা হয়। এরপর দিন রিয়াদের মামা বাদী হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক এসএম শামীম হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলসহ ৮ ছাত্রলীগ নেতাসহ ১২ জনের নাম উল্লেখ ও আরও ২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।
গত ২ মাসে মামলার অগ্রগতি না হওয়ায় ১০ সেপ্টেম্বর সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।




