মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর শহরের ফৌজদারি পাড়া ও মন্ডলপাড়ার ১২ মাদক সেবীকে এক মাস করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর একটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা এ আদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাজনিন সুলতানা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মেহেরপুর শহরের পৌর ঈদগাহের সামনের একটি পরিত্যাক্ত ভবনে গাঁজা সেবনকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় গাঁজাসহ ১২ জনকে আটক করে পুলিশ। এরা হলো- মেহেরপুর শহরের ফৌজদারীপাড়ার গোলাম হোসেনের ছেলে জিয়ারুল, মোহনের ছেলে ইমরান, ইউসুফের ছেলে জুয়েল, ইসলামের ছেলে কিরন, শহিদুলের ছেলে জাকিরুল, রজব আলীর ছেলে লিখন, শাহাজুলের ছেলে ফয়সাল, ইবাদতের ছেলে সজল, খোকার ছেলে আরিফ, মোসার ছেলে ইউনুস, আমির আলীর ছেলে আজিজুল ও শেখপাড়ার রবিউলের ছেলে জামিল।
এদিন দুপুরে ভ্রম্যমাণ আদালতে তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এক মাস করে কারাদন্ড প্রদান করা হয়। আদালতের নির্দেশে ১২ জনকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান।
এদিকে এর আগে গত মঙ্গলবার বিকেলে মেহেরপুরে পৃথক দু’টি আদালতে ২ মহিলাসহ ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস থেকে এক বছর পর্যন্ত সাজা দেয়া হয়েছে। মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার আলামীনের ছেলে মাদক ব্যবসায়ী হানিফকে (৩২) এক বছরের দন্ডাদেশ দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীজ সুলতানা। এছাড়া মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমীনুল ইসলাম শহরের বেড়পাড়ার আফাজউদ্দিনের স্ত্রী সোনাভানু ও সাইফুলের স্ত্রী বছিরনকে মাদক বিক্রির অপরাধে ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। আদালতের নির্দেশে এ ৩ জনকেও মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মেহেরপুরে শিশু বিবাহ প্রতিরোধ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
মেহেরপুর জেলা প্রশাসন ও সেভ দ্য চিলড্রেনের যৌথ উদ্যোগে শিশুবিবাহ প্রতিরোধ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেনের শিশু প্রতিরক্ষা বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর ডা. শাহানা নাজনীনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. ইসমাইল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ মাও. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক এমএকে খাইরুল বাশার, সেভ দ্য চিলড্রেনের মেহেরপুরের ব্যবস্থাপক ফারুক হোসেন। গোলটেবিল বৈঠকে জেলার সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, শিশু প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। এসময় শিশু বিবাহ প্রতিরোধে সরকারি-বেসরকারি সহ সকলের প্রতি কার্যকারি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

মেহেরপুর কুতুবপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে কুতুবপুর ইউনিয়নের শোলমারী স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ। বক্তব্য রাখেন সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন প্রমুখ। পরে আরিফুর রহমানকে সভাপতি ও আবুল কাসেমকে সাধারণ সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কুতুবপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।
মেহেরপুরে নির্মান কর্মশালা অনুষ্ঠিত
প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক নির্মান কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রিমিয়ার সিমেন্ট মিলস কোম্পানী লিমিটেডের কর্মকর্তাবৃন্দ এবং প্রিমিয়ার সিমেন্টের মেহেরপুর জেলা পরিবেশক মেসার্স আরিফ এন্টার প্রাইজের স্বত্তাধিকারী এসএম আশরাফুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। এসময় জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভপতি আবুল হোসেন নির্মান শ্রমিকরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত
মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন সহকারি শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় হলরুমে বদলী জনীত বিদায় সম্বর্ধনার আয়োজন করা হয়। বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবুল ফজল, ইউআরসি ইন্সট্রাক্টর মফিজুর রহমান, সহসভাপতি কামারুজ্জামান খান, প্রধান শিক্ষক আবুল হাসেম প্রমুখ।
উল্লেখ্য, বিদ্যালয়ের সহকারি শিক্ষক গৌরি সাহা, প্রদীপ্ত কুমার সাহা সজল ও অর্পনা সাহা’র বদলী জনীত কারণে ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুজিবনগর আনন্দবাসে ভারতীয় মদ ও ইলেকট্রনিক্স সামগ্রী আটক
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস বিওপি’র বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) জওয়ানরা ভারতীয় মদ এবং টিভি ও হাতঘড়ির ব্যাটারি আটক করেছে।
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ আনোয়ার জাহিদ (অতিরিক্ত পরিচালক) জানান, গতকাল বুধবার ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর উপজেলার আনন্দবাস বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আনন্দবাস গ্রামের তারানগর পাঁকার রাস্তার উপর হতে ১২ বোতল ভারতীয় মদ, ৫ হাজারটি টিভির কার্বন রেজিষ্টার এবং ৫শ’ টি হাত ঘড়ির ব্যাটারী আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের মূল্য আনুমানিক মূল্য ২ লাখ ৩৮ হাজার টাকা।




