গাজীপুর সংবাদদাতা : শনিবার সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ির আমবাগ এলাকার পিএম পোশাক কারখানার সামনে থেকে রাজধানী থেকে অপহৃত এক স্কুল ছাত্রীকে পুলিশ উদ্ধার করেছে। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল আমিন হোসেন আগমন নামের এক যুবককে পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, গত ১৩ মে রাজধানী ঢাকার বাটারা থানা এলাকা থেকে সুলমাইদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অধরা ইসলাম তন্বী নিখোঁজ হয়। পরে এঘটনায় বাটারা থানায় একটি জিডি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পুলিশ আমবাগ এলাকায় অভিযান চালিয়ে অধরা ইসলাম তন্বীকে উদ্ধার করেছে। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল আমিন হোসেন আগমন নামের এক যুবককে পুলিশ আটক করেছে। তবে ভিকটিম অধরা ইসলাম তন্বী পুলিশকে জানায়, প্রেমঘটিত কারণে আল আমিন হোসেন আগমনের সঙ্গে সে বাড়ি থেকে পালিয়েছিল। আল আমিন হোসেন আগমন ঢাকার গুলশান এলাকার হানিফ চিশতীর ছেলে। তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলায়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলণে অপহৃত ব্যবসায়ী সুমনকে উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, জেলার জয়দেবপুর থানায় গত ৭মে থেকে ১২ মে পর্যন্ত অপহরণের ঘটনায় মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত এসব মামলার মধ্যে প্রেমঘটিত কারণে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনাও রয়েছে। গাজীপুর জেলা পুলিশের ‘এন্টি কিডনাপিং স্কোয়াড’ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ওইসব মামলার ৯জন ভিকটিমকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করেছে। অপর মামলার একজন ভিকটিমকে শনিবার বিকেল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় নি। তবে তাকে উদ্ধারের চেষ্টা চলছে। সংবাদ সম্মেলণে ভিকটিম ব্যবসায়ী সুমন ও স্কুল ছাত্রী অধরা ইসলাম তন্বীসহ আটক আল আমিন হোসেন আগমনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।




