ভোলা প্রতিনিধি : ভোলায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ১২টি যানবাহন নিয়ে ৪ দিন ধরে ডুবোচরে আটকে রয়েছে ভোলা-লক্ষীপুর রুটের কৃষাণি নামের একটি ফেরি। ১৮ মে রবিবার বিকেল পর্যন্ত বেশ কয়েকবার চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি ফেরিটি। ভোলা-লক্ষীপুর রুটের এ ফেরিটি ডুবোচরে আটকে থাকায় উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন। এতে, চরম দুর্ভোগে পড়েছে পরিবহন শ্রমিকসহ সাধারণ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে লক্ষীপুরের মজু চৌধুরীর ঘাট এলাকা থেকে ভোলার ইলিশা ঘাটে আসার সময় মেঘনার রহমানপুর এলাকায় ফেরিটি ঝড়ের কবলে পড়ে। এ সময় দুর্ঘটনা এড়ানোর চেষ্টাকালে ফেরিটি একটি ডুবোচরে উঠে পড়ে।
পরে, বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ একাধিকবার চেষ্টা করেও ফেরিটি উদ্ধার করতে পারেনি। ফেরিতে থাকা ১২টি মালবাহী যানবাহন আটকা পড়ে আছে।
ভোলা-লক্ষীপুর রুটে দুইটি ফেরি চলাচল করে আসছে। এর মধ্যে একটি ফেরি ডুবোচরে আটকা পড়লেও অপর ফেরিটি স্বাভাবিকভাবে চলাচল করছে। একটি ফেরি কম থাকায় উভয় পাড়ে দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ইনচার্জ আবু আলম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে কবে নাগাদ ফেরিটি উদ্ধার হতে পারে, তা জানাতে পারেন নি তিনি।
তিনি আরো জানান, ঘাটের জট কমাতে রবিবার কিংবা সোমবারের মধ্যেই আরো একটি ফেরি সংযুক্ত করা হচ্ছে। তখন জট কিছুটা কমবে।



