তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ১৮ মে রবিবার কুমিল্লা নগরীর ঝাউতলার মেইন রোডে অবস্থিত জননী ডায়াগনষ্টিক সেন্টার আকস্মিক পরিদর্শনে যান কুমিল্লার সিভিল সার্জন ডা. মো: মুজিবুর রহমানের নেতৃত্বে জেলা ক্লিনিক পরিদর্শন টিম। এই টিমে আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, প্রশাসনিক কর্মকর্তা মো: আমিনুল ইসলাম ভূইঁয়া প্রমুখ। পরিদর্শন টিম দেখেন উক্ত ডায়াগনষ্টিক সেন্টারের এক্স-রে কক্ষটি অরক্ষিত হওয়ায় চারিপাশে প্রচুর রেডিয়েশন ছড়াচ্ছে। বিধি অনুযায়ী ১০ ইঞ্চি দেওয়াল দেওয়া হয়নি। উক্ত ডায়াগনষ্টিক সেন্টারে কোন পাশ করা ল্যাব টেকনিশিয়ান নাই, একজন ছাত্রকে দিয়ে গুরুত্বপূর্ণসব ল্যাব পরীক্ষা করানো হচ্ছে। কুমিল্লার সিভিল সার্জন গতকাল দুপুর থেকেই তাৎক্ষনিকভাবে উক্ত ডায়াগনষ্টিক সেন্টারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক্স-রে ও প্যাথলজি পরীক্ষা বন্ধের তাৎক্ষনিক নির্দেশ দেন। পরে পরিদর্শন টিম আশেপাশের আরো কয়েকটি ক্লিনিক দেখে সেগুলোর ভুল শোধরানোর নির্দেশ দেন।




