বগুড়া: প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, উপজেলা পরিষদই হলো তৃণমূল মানুষের উন্নয়নের একমাত্র হাতিয়ার। তৃণমুল মানুষের উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন হবে। দেশের উন্নয়নে সরকার সবসময় আপনাদের পাশে থাকবে। বর্তমান সরকার দেশের আর্থ সামাজিক উন্নয়নে ৩৪টি প্রকল্প গ্রহণ করেছে। সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ঐক্যবদ্ধ হয়ে নিজ এলাকার উন্নয়নে কাজ করতে হবে। উপজেলা পরিষদের সেবা নিজ এলাকার মানুষের বোধগম্য করে তুলতে সচেষ্ট থাকতে হবে।
রোববার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীতে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় পাঁচ দিনব্যাপী উপজেলা পরিষদ আইন ও প্রশাসন বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক এম এ মতিন। প্রশিক্ষণ কোর্সে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নওগাঁ, পাবনা, দিনাজপুর, নাটোর ও রাজশাহীসহ ৮টি জেলার ১০টি উপজেলার মোট ৮০ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (মহিলা), উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীগণ দুটি দলে অংশ নিয়েছেন।
প্রশিক্ষণ কোর্স পরিচালনা করবেন আরডিএ বগুড়ার পরিচালক (গবেষনা ও মূল্যায়ন) ড. রনজিৎ চন্দ্র অধিকারি এবং পরিচালক (প্রশিক্ষণ) শেখ ফজলুল বারি।



