ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের ঢালচরের পূর্বের চর ও সামরাজ সংলগ্ন মেঘনায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারের জেলেরা অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন সাত জেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হলেন- ঢালচরের নেছার (৪৫), আবুল কাশেম (৩৫), গফুর সারেং (৩২), আবুল কালাম (৪২), সামরাজের ছিঢু মাঝি (৪৭), জাফর (৩৫) ও মো. হাছান (৩২)।
জানা যায়, ঢালচরের পূর্বের চর ও সামরাজ সংলগ্ন মেঘনায় জেলেরা মাছ ধরছিলেন। সন্ধ্যা ৭টায় হঠাৎ করে প্রবল বর্ষণ ও কালবৈশাখী ঝড় শুরু হলে মেঘনায় মাছ ধরা জেলেরা নদীর মাঝ থেকে নিরাপদে কিনারায় আসার সময় ঝড়ের কবলে পড়লে পাঁচটি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে ঢালচরের তিনটি ও সামরাজের দুটি বলে জানা যায়।
ঢালচরের মাঝি আব্দুর জাহের জানান, ১৫/২০টি ট্রলারের জেলেরা মেঘনায় মাছ ধরছিলেন। হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শহিদুল মাঝি, নিরব মাঝি ও ভুটু মাঝির ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া তিনটি ট্রলারের ৩৯ জেলের মধ্যে চার জেলে নিখোঁজ রয়েছেন। বাকিরা ভাসমান অবস্থায় অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার হয়েছে।
একই সময় সামরাজ সংলগ্ন মেঘনায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ছিঢু মাঝি, নাজিম মাঝির ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলার দুটির ২৮ জেলের মধ্যে তিন জেলে নিখোঁজ রয়েছে। বাকিরা ভাসমান অবস্থায় অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জেলেদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।



