ঝালকাঠি প্রতিনিধি : সরকারি মাধ্যমিক বিদ্যালয়বিহীন উপজেলা সদরে একটি করে স্কুলকে জাতীয়করণ করার দাবিতে ঝালকাঠিতে বৃহস্পতিবার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে। স্কুলগুলো হচ্ছে- কাঁঠালিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়। জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়, দেশের যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই সেসব উপজেলায় সরকার ২০০৯ সালে একটি করে স্কুলকে জাতীয়করণ করার উদ্যোগ নেয়। এ লক্ষে ঝালকাঠির উল্লেখিত তিনটি স্কুলসহ দেশের মোট ৩১০টি বিদ্যালয়কে নির্বাচিত করে মডেল স্কুল প্রকল্পভূক্ত করা হয়। গতবছরেও প্রধানমন্ত্রী জাতীয়করণের ব্যাপারে প্রতিশ্র“তি দেন। বিষয়টি দ্রুত কার্যকর করার জন্য শিক্ষকরা প্রধানমন্ত্রীর প্রতি আহŸান জানান।
ঝালকাঠিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

নির্বাচন কমিশনের উদ্যোগে ঝালকাঠি জেলায় বৃহস্পতিবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে জেলার তিন উপজেলা- কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটিতে কাজ হবে। এসব এলাকায় ২৪ মে পর্যন্ত বাড়িবাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং ২৬ মে হতে ১৫ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন করা হবে। সদর উপজেলায় কার্যক্রম হবে দ্বিতীয় পর্যায়ে। সেখানে ১৫ জুন থেকে ২৪ জুন পর্যন্ত বাড়িবাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং রেজিস্ট্রেশন করা হবে ১৮ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য জেলায় ২২৮ জন তথ্য সংগ্রহকারী ও ৫৫ জন সুপারভাইজারসহ মোট ২৮৩ জন কর্মী নিয়োগ দেয়া হয়েছে। জেলায় সম্ভাব্য নতুন ভোটার সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ২১৭ জন। বর্তমানে জেলায় ভোটার হচ্ছে চার লাখ চার হাজার ৩৭৬ জন।



