চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সদর উপজেলার আকন্দবাড়িয়ায় যাত্রীবাহি বাস, মটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক আতিকুর রহমান (৩২), ও তার স্ত্রী অনন্যা (২৫)সহ ২জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান ও অনন্যা স্বামী স্ত্রী। নিহত আতিকুর রহমান চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের আব্দুর রহিমের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সি আসাদুজ্জামান জানান, জীবননগর থেকে চুয়াডাঙ্গাগামি একটি যাত্রীবাহি বাস আকুন্দবাড়িয়া পৌঁছালে বিপরীতমুখী একটি মটরসাইকেল ও একটি নসিমনের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মটরসাইকেল চালক আতিকুর রহমান। পরে আতিকুরের স্ত্রী অনন্যা (২৫) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহতরা হলেন সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের নূর মোহাম্মদ (৫০), তালতলা গ্রামের মোরে (৪৫), মুসলিমপাড়ার আবুল কাশেম (৪৩), নূরনগর কলোনীপাড়ার আমির হোসেন (৪৫) ও জয়নাল (৩৫) এবং নীলমণিগঞ্জের সাগর (৩২) সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এলাকাবাসি আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা এবং দর্শনার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেছে।




