মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রামে শুক্রবার সকালে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ৭ টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বোমাঘাতে এক গৃহবধু সহ চারজন আহত হয়েছে। আহতরা হলো- আব্দুল মন্ডলের ছেলে বিএনপি সমর্থক খবির উদ্দীন মালিথা (৫০), আব্দুল মন্ডলের ছেলে ফজিল মালিথা (৫০), নুর মহাম্মদের ছেলে শফিকুল ইসলাম ((৪৩), দুবাই প্রবাসী জিলুর রহমানের স্ত্রী জয়নব বেগম (৩৫)। জয়নব বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘন্টা ব্যাপি দফায় দফায় এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামীলীগ সমর্থকরা বিএনপি সমর্থকদের বাড়ি ঘর ও দোকান পাটে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা কর্মীরা। পূর্ব শত্রুতার জের ধরে আজ শুক্রবার সকাল ৭টায় ঐ সংঘর্ষ শুরু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি অবস্থান করছে।



