আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : ৭১’র পাকহানাদারা বরিশালের আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের কেতনার বিলে বর্বরোচিত হত্যাকান্ড চালায়। ওইদিন পাকবাহিনীর বর্বরোচিত আক্রমণে শত শত নিরীহ সাধারণ মানুষ শহীদ হয়। তাদের মৃত্যু পরবর্তী ওই স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে শহীদ পরিবারের সদস্যরা। কেতনার বিল গণহত্যা দিবস উপলক্ষে অর্গানাইজেশন ফর সোসাল ডেভপলন্টে (ওএসডি)-র উদ্যোগে গতকাল রাংতা হাইস্কুল মিলনায়তনে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ পরিবারের সদস্য বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ওএসডি’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, জিএসডি’র নির্বাহী পরিচালক মনীষ চন্দ্র বিশ্বাস, রাজিহার হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা মো. শাহজাহান। বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য মো. ফারুক হাওলাদার, মো. জালাল বেপারী, এনামুল হক আকন, রনজিৎ বৈদ্য, রিপন সরদার প্রমুখ। বক্তারা সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি কেতনার বিলে নিরীহ জনসাধারণকে হত্যাকান্ডের স্মৃতি স্বরূপ একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান।




