বাকৃবি প্রতিনিধি: ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাঠ পর্যায়ে দক্ষ ডিভিএম গ্রাজুয়েট তৈরি করতে ডিভিএম প্রোগ্রাম আধুনিকায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় ভেটেরিনারি সায়েন্স অনুষদের মেডিসিন সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হেকেপের অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: রফিকুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মো: মনসুরুল আমিন এবং সভাপতিত্ব করেন ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম।
কর্মশালায় ‘সেল্প অ্যাসেসমেন্ট’ প্রোজেক্টের সাব-প্রোজেক্ট ম্যানেজার প্রফেসর ড. সুকুমার সাহা বাকৃবির ডিভিএম প্রোগ্রাম পর্যালোচনাকারীদের দেওয়া মতামত তুলে ধরেন। পর্যালোচনাকারীদের মতে, বর্তমানের ডিভিএম প্রোগ্রাম পর্যাপ্ত নয়, এতে অনেক কোর্সের পুনরাবৃত্তি ঘটে এবং তত্ত¡ীয় ক্লাসের সিলেবাস অনেক বড়। পাশাপাশি অনুষদের নিজস্ব ওয়েবসাইটের অভাব, অপ্রতুল শিক্ষাদান পদ্ধতি এবং ছাত্রদের সঠিত দিকনির্দেশনার অভাবে ডিভিএম গ্রাজুয়েটরা যে দক্ষতা নিয়ে বের হচ্ছে তা মাঠ পর্যায়ে ফলপ্রসূ হচ্ছে না।
এসময় কর্মশালায় উপস্থিত ভেটেরিনারি সায়েন্স অনুষদের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকরা পর্যালোচনাকারীদের মতামতের সাথে একমত পোষণ করে ডিভিএম প্রোগ্রামের সকল সমস্যা দূরীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি কমিটি গঠনের সুপারিশ করেন। বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছাত্রদের শিক্ষাদানের জন্য ১৭টির অধিক পদ্ধতি ব্যবহার করা হয় কিন্তু আমাদের শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন না হওয়ায় আমাদের ছাত্ররা কর্মক্ষেত্রে বিড়ম্বনার স্বীকার হচ্ছে।
পরে প্যাথলজি ডিপার্টমেন্টের শিক্ষক প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম ডিভিএম কারিকুলামের আধুনিকায়ন বিষয়ে একটি উপস্থাপনা দেন।




